মঙ্গলবার বাগদায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে সভা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন সিপিএম নেতা বাসুদেব আচারিয়া। হেলেঞ্চায় বেলা ৪টে নাগাদ ঠা ঠা রোদে অধীরবাবু যখন বক্তৃতা শুরু করেন, তখনও মাঠ ফাঁকা ফাঁকা। আঠাশ মিনিটের মাথায় যখন ভাষণ শেষ করছেন, তখন মাঠ উপচে পড়ছে ভিড়ে। অতীতে বাগদায় কংগ্রেসের সমর্থনে এত বড় জমায়েত কবে হয়েছে, মনে করতে পারছেন না দলের নেতারাও। এ দিন গাইঘাটার চাঁদপাড়ায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের প্রার্থীর সমর্থনে সভা করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম ও কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। সেখানেও ভিড় হয়েছিল চোখে পড়ার মতো।