হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের দু’টি মেহগনি গাছ বেআইনি ভাবে কেটে বিক্রি করে সেই অর্থ আত্মসাতের অভিযোগ উঠল। বাগদার হেলেঞ্চা এলাকার এই ঘটনায় মন্দির কমিটির তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম প্রদীপ বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস এবং পবিত্র বিশ্বাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেলেঞ্চার ঐতিহ্যবাহী হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দির (স্থানীয় বাসিন্দাদের কাছে ‘হরি মন্দির’ নামে পরিচিত) চত্বরে দু’টি মেহগনি গাছ ছিল। অভিযোগ, মন্দির কমিটির কয়েকজন সদস্য কোনও প্রশাসনিক অনুমতি বা কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ছাড়াই গাছ দু’টি কেটে বিক্রি করে দেন। পরে বিক্রির অর্থের কোনও হিসেব মন্দিরের খাতায় দেখানো হয়নি। বিষয়টি নিয়ে মন্দির কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। মন্দির কমিটির সদস্য হরষিত ঢালি বিষয়টি নিয়ে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একটি কাঠ চেরাই মিলে অভিযান চালানো হয়। সেখান থেকে কেটে রাখা মেহগনি গাছের অংশ উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। গাছ বিক্রির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং বিক্রির অর্থ কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের ভূমিকাও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মন্দিরের সম্পত্তি রক্ষার দায়িত্ব যাঁদের উপরে ছিল, তাঁরাই সেই সম্পত্তি বিক্রি করে অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে দাবি, ধৃত তিন জনই তৃণমূলের ঘনিষ্ঠ। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। প্রয়োজন হলে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)