বনগাঁর পুরভোটে কংগ্রেসের টিকিটে লড়বেন তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের মেয়ে ঋতুপর্ণা আঢ্য। ঘটনাচক্রে, এ বারের পুরভোটে টিকিট পাননি শঙ্কর। যার জেরে প্রার্থিতালিকা ঘোষণা হওয়ার পর থেকেই বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ডে রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থকদের একটি অংশ। তা নিয়ে দলের অন্দরে বিতর্কের আবহে মেয়ের কংগ্রেসে যোগদান এবং পুরভোটের টিকিট পাওয়া ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে। তবে শঙ্কর নিজে টিকিট না পেলেও তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্যকে পুরভোটের টিকিট দিয়েছে তৃণমূল
ঋতুপর্ণা বনগাঁর ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। শঙ্করের ভাই মলয় আঢ্যকেও ৩ নম্বর ওয়ার্ডের টিকিট দিয়েছে কংগ্রেস। বুধবার দু’জনেই মনোনয়ন জমা দিয়েছেন। প্রসঙ্গত, ৩ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপ্রশাসক গোপাল শেঠকে প্রার্থী করেছে তৃণমূল।
মেয়ে ও ভাইয়ের কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে শঙ্কর বলেন, ‘‘এটা ওঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। বাবা দীর্ঘ দিন কংগ্রেস করেছে। মেয়ে দাদুর দলে থাকতে চায় তাই গিয়েছে। ঘরের সঙ্গে বাইরের রাজনীতি মিলিয়ে দিলে চলবে না।’’ তৃণমূলের প্রচারে তাঁকে দেখা যাবে কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আপাতত পুরভোটের প্রচারে আমাকে রাখেইনি দল। ভবিষ্যতে ডাকলে যাব। যেই ডাকবে, তাঁর কাছেই যাব।’’