ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আগামী ২৪ ঘণ্টায় মুম্বইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শহর এবং শহরতলির বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাট জলমগ্ন। কোথাও হাঁটুসমান, কোথাও গোড়ালিসমান জল। শহরের কোনও কোনও জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত। অন্য দিকে, দুর্যোগের কারণে সমস্যা হচ্ছে বিমান ওঠানামাতেও। ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে।
টানা বৃষ্টির জেরে মুম্বইয়ে বহু রাস্তা জলমগ্ন হয়ে পড়ায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে স্কুল এবং কলেজগুলিতেও ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে শহর এবং শহরতলির বেশ কিছু জায়গায় গাছ উপড়েছে। কোথাও আবার রাস্তায় ধস নেমেছে। নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে থাকায় আতঙ্ক বাড়ছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অন্ধেরি, কুর্লা, সাকিনাকা, সান্তাক্রুজ়, গোরেগাঁও এবং পওয়াইয়ে গণপরিবহণ ব্যবস্থায় যথেষ্ট প্রভাব পড়েছে। পশ্চিম রেলের নালাসোপারা এবং বিরার স্টেশনের মাঝে রেললাইন ডুবে যাওয়ায় খুব আস্তে আস্তে ট্রেন চলছে। যদিও যাত্রীদের অভিযোগ, ট্রেন চলাচল প্রায় থমকে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শনিবার ৬ ঘণ্টার মধ্যে মুম্বইয়ের বিখরোলিতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ১৬৪ মিলিমিটার। তার পর রাম মন্দির (১৪৮ মিমি), সান্তাক্রুজ় (১২৬.৯), বিদ্যাবিহার (১০২ মিমি)। অন্য দিকে, ঠাণে, পালঘর এবং রায়গড়ে আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। শুক্রবার থেকে টানা বৃষ্টিতে ঠাণে এবং পালঘরের নিচু এলাকাগুলিতে জল বাড়তে শুরু করেছে।