Advertisement
E-Paper

বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা! জাল ভিসা দিয়ে লক্ষ লক্ষ টাকা লোপাট, উস্তিতে ধৃত তিন

পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে জাল ভিসার কারবার চালাতেন এবং সাধারণ মানুষকে প্রতারণা করতেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৬
উস্তি পুলিশের জালে ভুয়ো ভিসা চক্রের সদস্যেরা।

উস্তি পুলিশের জালে ভুয়ো ভিসা চক্রের সদস্যেরা। — নিজস্ব চিত্র।

ভিন্‌দেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিসা জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠল উস্তিতে। ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। ধৃতদের থেকে প্রায় ২২টি পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি গাড়ি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চক্রটি মূলত হোয়াট্‌সঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিদেশে কাজের লোভ দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করত। গত ১৭ জানুয়ারি স্বরূপনগরের বাসিন্দা ফারুক মণ্ডল উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করে তিনি জানান, বিদেশে পাঠানোর নাম করে প্রায় ২২ জনের কাছ থেকে মাথাপিছু ২ থেকে ৩ লক্ষ টাকা করে নেন শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়ার কয়েক জন ব্যক্তি। টাকা নেওয়ার কিছু দিন পরে তাঁরা ভিসা দেন। যদিও পরে জানা যায়, সেগুলি নকল।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ২৫ জানুয়ারি পুলিশ প্রথমে গোলাম মোস্তাফা শেখকে গ্রেফতার করে। এর পরে ২৭ জানুয়ারি আরও দুই অভিযুক্ত রামিজউদ্দিন শেখ এবং আফ্রিদি শেখকে গ্রেফতার করা হয়। তিন জনই উস্তি থানার শিরাকোল ও রাজারহাট মোল্লাপাড়ার বাসিন্দা।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) সন্দীপ গড়াই জানান, অভিযুক্তেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো ইন্টারভিউ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে জাল ভিসার কারবার চালাতেন এবং সাধারণ মানুষকে প্রতারণা করতেন।

ধৃত তিন জনকে ডায়মন্ড হারবার আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy