E-Paper

যানজট ও দুর্ঘটনা রুখতে ট্র্যাফিক গার্ড চালু গোবরডাঙায়

পুলিশ জানিয়েছে, ট্র্যাফিক গার্ডে এক জন অফিসার ছাড়াও থাকবেন ১০ জন ট্র্যাফিক হেল্পগার্ড এবং ৪ জন সিভিক ভলান্টিয়ার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১৫

—প্রতীকী চিত্র।

ক্রমবর্ধমান যানজট ও পথ দুর্ঘটনায় লাগাম টানতে গোবরডাঙা থানা এলাকায় ট্র্যাফিক গার্ড চালু করল বারাসত জেলা পুলিশ। মঙ্গলবার গোবরডাঙা বাজার এলাকায় অবস্থিত পুরনো পুলিশ ফাঁড়িকে নতুন ভাবে সাজিয়ে ট্র্যাফিক গার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বারাসতের এসডিপিও অজিঙ্কা বিদ্যাগড়। ছিলেন হাবড়ার এসডিপিও সুবীরকুমার বাগ, গোবরডাঙা থানার ওসি পিঙ্কি ঘোষ এবং গোবরডাঙা পুরপ্রধান শঙ্কর দত্ত।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই নতুন ট্র্যাফিক গার্ড থেকেই গোবরডাঙা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বাজার এলাকা, স্কুল-কলেজ সংলগ্ন রাস্তা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে।পুলিশ কর্তাদের আশা, এই ট্র্যাফিক গার্ড চালু হওয়ার ফলে যেমন যানজট অনেকটা নিয়ন্ত্রণে আসবে, তেমনই পথ দুর্ঘটনার সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমবে।

পুলিশ জানিয়েছে, ট্র্যাফিক গার্ডে এক জন অফিসার ছাড়াও থাকবেন ১০ জন ট্র্যাফিক হেল্পগার্ড এবং ৪ জন সিভিক ভলান্টিয়ার। এসডিপিও বলেন, ‘‘গোবরডাঙা থানা এলাকায় একাধিক মারাত্মক দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানে স্পিড গান ব্যবহার করে গাড়ির গতিবেগ মাপা হবে এবং প্রয়োজনে গতি নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজনে সেখানে গার্ডরেল, হাম্প বসানো হবে।’’

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গত তিন বছরে গোবরডাঙা থানা এলাকায় একাধিক বড় পথ দুর্ঘটনা ঘটেছে। তা কমানো বা সম্পূর্ণ বন্ধ করাই নতুন ট্র্যাফিক গার্ড গঠনের মূল লক্ষ্য। সেই সঙ্গে পুলিশের দাবি, আহত কাউকে যদি কেউ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তা হলে তাঁকে কোনও ধরনের পুলিশি হেনস্থার মুখে পড়তে হবে না। বরং পুলিশ তাঁকে সহযোগিতা করবে।

গোবরডাঙা শহর ও আশপাশের এলাকায় যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে দুর্ঘটনাও। তাই ট্র্যাফিক গার্ড চালু হলে সমস্যা সমাধানের আশা করা হলেওসীমিত সংখ্যক কর্মী দিয়ে কতটা কার্যকর ভাবে গোটা থানা এলাকার ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা যাবে, সেই প্রশ্ন উঠেছে। বাসিন্দাদের বক্তব্য, কর্মীর সংখ্যা বাড়ানো হলে এবং নিয়মিত নজরদারি বজায় থাকলে এই উদ্যোগ সফল হতে পারে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Gobardanga West Bengal Police

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy