E-Paper

মদ্যপানের আসরে বচসা, ছুরির আঘাতে শ্রমিককে খুন

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। শিবরাত্রিতে ইটভাটার ভিতরে মদ্যপানের আসর বসিয়েছিলেন শ্রমিকেরা। অভিযোগ, মত্ত অবস্থায় তাঁদের মধ্যে গোলমাল বেধে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৩

—প্রতীকী চিত্র।

ইটভাটার ভিতরে ছুরির আঘাতে মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক শ্রমিক।

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে। শিবরাত্রিতে ইটভাটার ভিতরে মদ্যপানের আসর বসিয়েছিলেন শ্রমিকেরা। অভিযোগ, মত্ত অবস্থায় তাঁদের মধ্যে গোলমাল বেধে যায়। সেই গোলমালকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বারাসতের অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় জানান, দুই শ্রমিককে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানা।

পুলিশ জানায়, মৃত শ্রমিকের নাম সিন্টু রাজবংশী (২৩)। তিনি বিহারের বাসিন্দা। রবিবার রাতে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটে। সিন্টুকে ছুরি মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে রঞ্জিত রাজবংশী ও সঙ্কট রাজবংশী নামে দু’জনকে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৩(১), ১১৮(২), ৩(৫) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

তদন্তকারীরা জানান, মধ্যমগ্রামের রোহোন্ডা চণ্ডীগড় পঞ্চায়েতের উত্তর জোজোরা এলাকার ওই ইটভাটায় গত চার বছর ধরে সিন্টুরা কাজ করছিলেন। রবিবার ছিল সাপ্তাহিক মজুরি পাওয়ার দিন। শিবরাত্রিকে কেন্দ্র করে সেই টাকায় ওই শ্রমিকেরা মদ্যপান করেন। মত্ত অবস্থায় ইটভাটায় একটি ভ্যান রাখাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বচসা বাধে। অচিরেই তা হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ, হাতাহাতির মধ্যে রঞ্জিত ও শঙ্কর আনাজ কাটার ছুরি সিন্টুর পেটে ঢুকিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় ওই শ্রমিক মাটিতে পড়ে যান। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় উত্তর জোজরা গ্রামে। পুলিশ পৌঁছে রঞ্জিত ও শঙ্করকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। ছুরির আঘাতে জখম হয়েছেন শঙ্করও। তাঁকে পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ওই শ্রমিকদের মধ্যে হওয়া গোলমাল তাৎক্ষণিক, না কি তাঁদের মধ্যে আগে থেকেই কোনও সমস্যা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Murder Case Worker Death Madhyamgram Murder madhyamgram

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy