চোর সন্দেহে দুই কিশোরকে গণপিটুনির অভিযোগ উঠল। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিঙের রায়বাঘিনিতে। পুলিশ জানিয়েছে, ছেলে দু’টি রায়বাঘিনি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে। এক কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে থানা সূত্রের খবর। তবে রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে তিন কিশোর দৌড়তে বেরিয়েছিল। সকালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হওয়ায় তারা একটি দোকানের সামনে আশ্রয় নেয়। সে সময়ে দোকানের বন্ধ ছিটকিনি হঠাৎ খুলে যায়। এরপরেই দোকানের ভিতর থেকে একজন ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকে। তাই শুনে আশপাশের কয়েকজন যুবক জড়ো হয়ে যায়। ইতিমধ্যে পালায় এক ছাত্র। অন্য দু’জনকে ধরে মন্দিরের দালানে বেঁধে শুরু হয় মারধর।
অন্য ছেলেটি ততক্ষণে পালিয়ে গিয়ে খবর দিয়েছে বাড়িতে। খবর পেয়ে দু’টি ছেলের পরিবার-পরিজন ঘটনাস্থলে এসে দু’জনকে উদ্ধার করে। ক্যানিং হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।