Advertisement
E-Paper

শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে পা আটকে গেল বালিকার, উদ্ধার করে নিয়ে যাওয়া হল হাসপাতালে, ভিডিয়ো ভাইরাল

চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে এক বালিকার জুতো আটকে গিয়েছে। জুতোর সঙ্গে পা-ও আটকে গিয়েছে তাঁর। ভয়ে কাঁদতে শুরু করে দিল সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৫:১৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শপিং মলে এ দিক-সে দিক ঘোরাফেরা করছিল এক বালিকা। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠতেই জুতো আটকে গেল সিঁড়ির ধাপে। পা আটকে চলন্ত সিঁড়িতে দাঁড়িয়ে চিৎকার করতে লাগল ছোট্ট বালিকা। সঙ্গে সঙ্গে বালিকাকে ঘিরে ধরলেন শপিং মলে থাকা লোকজন। উদ্ধারকর্মীদের খবর দেওয়া হলে দেরি না করে ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরা। বালিকাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে উদ্ধার করা হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত সিঁড়িতে উঠতে গিয়ে এক বালিকার জুতো আটকে গিয়েছে। জুতোর সঙ্গে পা-ও আটকে গিয়েছে তাঁর। ভয়ে কাঁদতে শুরু করে দিল সে। বালিকার কান্না শুনে সে দিকে দৌড়ে গেলেন শপিং মলে উপস্থিত অন্য ব্যক্তিরা।

বালিকাকে শান্ত করার চেষ্টা করছিলেন অনেকে। বহু ক্ষণের চেষ্টার পর বালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার এই ঘটনাটি সিঙ্গাপুরের বিউগিস জংশন মলে দুপুর সাড়ে ১২টায় ঘটেছে। বালিকার বিপদ দেখে সিঙ্গাপুরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। বহু ক্ষণের চেষ্টায় সিঁড়ি ভেঙে বালিকাকে উদ্ধার করা হয়। তার পর নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয় বালিকাকে।

Advertisement
Viral Video Singapore Shopping Mall
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy