আসন্ন বনগাঁ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনের উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী হলেন বনগাঁ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সৌমেন দত্ত। তিনি সোমবার বনগাঁ বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেন। গত পঞ্চায়েত নির্বাচনে ওই আসনে সিপিএম প্রার্থী তপন দত্তের কাছে সৌমেনবাবু ৮১ ভোটে পরাজিত হয়েছিলেন। তপনবাবুর মৃত্যুতে আসনটি ফাঁকা হয়েছে। দলীয় সূত্রের খবর, সে সময় সৌমেনবাবুর পরাজয়ের পিছনে দলীয় কোন্দল কাজ করেছিল। বিশ্বজিৎবাবু বলেন, ‘‘দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মত ভাবেই সৌমেনবাবুকে প্রার্থী করা হয়েছে। তাঁর প্রার্থী পদ নিয়ে দলে এ বার কোনও ক্ষোভ নেই।’’ এ দিনই স্থানীয় ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতের একটি আসনের উপ নির্বাচনের জন্য তৃণমূল প্রার্থী হিসাবে গোপাল মণ্ডলের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তৃণমূল সদস্য মধু মণ্ডলের মৃত্যুতে আসনটি ফাঁকা হয়েছে। মহকুমা প্রাশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী ৩ অক্টোবর বনগাঁ পঞ্চায়েত সমিতির দু’টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের দু’টি আসনে ভোট হবে। ওই দিনই হাবরা ১ এবং ২ নম্বর পঞ্চায়েত সমিতির একটি করে আসনেও উপ নির্বাচন হবে। এ ছাড়া বাগদা ব্লকে তিনটি এবং গাইঘাটা ব্লকে গ্রাম পঞ্চায়েতের পাঁচটি আসনে উপ নির্বাচন হবে।