E-Paper

কয়লা কাণ্ডে হুলিয়া জারি

সিবিআই সূত্রের দাবি, নীরজের বাজেয়াপ্ত করা একাধিক মোবাইল ফোন থেকেই কয়লা পাচারে জড়িত রাজ্য পুলিশের বড়কর্তা ও নিচুতলার অফিসারদের একাংশের নাম জানা গিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২১
অনুপ মাজি (ডান দিকে)।

অনুপ মাজি (ডান দিকে)। —ফাইল চিত্র

কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালার প্রধান হিসাবরক্ষক নীরজ সিংহের বিরুদ্ধে হুলিয়া জারি করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। ২৫ মে নীরজকে কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের খবর, নীরজ হুগলির শাস্ত্রীনগরের বাসিন্দা। ২০২০ সালে সিবিআই কয়লা পাচারের মামলা দায়ের করার পরে তাঁর বাড়িতে একাধিক বার তল্লাশি হয়েছিল। নিজাম প্যালেসে নীরজ ও তাঁর ভাই অমিতকে একাধিক বার জিজ্ঞাসাবাদও করে সিবিআই। তদন্তকারীদের দাবি, কয়েক বার জিজ্ঞাসাবাদে হাজিরা দিয়ে তার পরেই বেপাত্তা হয়ে যান নীরজ।

সিবিআই সূত্রের দাবি, নীরজের বাজেয়াপ্ত করা একাধিক মোবাইল ফোন থেকেই কয়লা পাচারে জড়িত রাজ্য পুলিশের বড়কর্তা ও নিচুতলার অফিসারদের একাংশের নাম জানা গিয়েছিল। পুলিশের পাশাপাশি লালার নির্দেশ অনুযায়ী প্রভাবশালীদের কাছে কী ভাবে টাকা পাচার করা হয়েছিল, তার তথ্যসূত্রও ওই মোবাইল থেকেই পেয়েছিলেন তদন্তকারীরা।

২০২০ সালেই সিবিআইয়ের এফআইআরের ভিত্তিতে ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট) দায়ের করে ইডি-ও তদন্ত শুরু করেছিল। কয়লা পাচারের মামলায় সিবিআই এবং ইডির মধ্যে তথ্যপ্রমাণ আদানপ্রদান হয়েছিল। সিবিআইয়ের থেকে পাওয়া ওই তথ্যের ভিত্তিতেই ইডি দিল্লিতে তাদের সদর দফতরে একাধিক বার নীরজকে তলব করে। কিন্তু নীরজ ইডি-র তদন্তকারীদের মুখোমুখি হননি। আদালত থেকে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু খোঁজ মেলেনি।

সপ্তাহখানেক আগে সুপ্রিম কোর্টে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত লালাকে হেফাজতে নিয়ে জেরা করার আবেদন করেছে ইডি। আগামী সপ্তাহে সেই আবেদনের শুনানি রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Coal Smuggling court case

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy