সই জাল কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন তৃণমূলের কালীঘাটের দফতরে তল্লাশি অভিযান হয়েছিল। সেই সংক্রান্ত মামলার শুনানি থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। হাই কোর্টের পর্যবেক্ষণ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ওই সই জাল কাণ্ডেই অন্য কোর্টে মামলা দায়ের করেছেন। এই অবস্থায় একই মামলার শুনানি দুই বেঞ্চে হলে, নির্দেশ আলাদা হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই মামলা থেকে অব্যাহতি নেওয়া হচ্ছে। বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই মামলাটির শুনানি হওয়া উচিত বলে পর্যবেক্ষণ বিচারপতি ভট্টাচার্যের।
সই জাল কাণ্ডের তদন্তের সূত্র ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতার বাড়ি সংলগ্ন তৃণমূল দফতরে যায় সিআইডি-র একটি দল। তবে প্রথমেই দফতরের ভিতরে ঢুকতে পারেনি সিআইডি। প্রায় ঘণ্টাখানেক ওই কার্যালয়ে থাকা তৃণমূল নেতার সঙ্গে বাদানুবাদের পর ভিতরে প্রবেশ করতে পারে তারা। প্রায় ঘণ্টা দুই কার্যালয়ের ভিতরে তল্লাশি চালায় সিআইডি। তৃণমূলের তরফে আইনজীবী কিশোর দত্ত হাই কোর্টে অভিযোগ করেন যে, কোনও সার্চ ওয়ারেন্ট এবং সিজ়ার লিস্ট ডকুমেন্ট ছাড়াই সিআইডি জোরপূর্বক ভিতরে প্রবেশ করে। সিআইডি-র ওই কাজের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। চলতি সপ্তাহে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা ছিল। যদিও তা থেকে অব্যাহতি নিলেন তিনি।
আরও পড়ুন:
সই জাল কাণ্ডেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টেরই দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে তার শুনানি হয়। বিচারপতি জানান, পরবর্তী শুনানি পর্যন্ত তাঁর বিরুদ্ধে সিআইডি কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। আদালত জানিয়েছিল, তদন্তকারী সংস্থার সঙ্গে তাঁকে সহযোগিতা করতে হবে। বিচারপতি ভট্টাচার্য জানালেন, যেহেতু সই কাণ্ডে অভিষেকের আবেদনের শুনানি হচ্ছে, তাই অন্য বেঞ্চ আর এই সই সংক্রান্ত কোনও মামলা শুনবে না।