Advertisement
E-Paper

নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? নাম চূড়ান্ত করতে শুক্রবারই রাজ্যে অমিত শাহ, আর কী কী রয়েছে সফরসূচিতে

বিজেপি সূত্রে খবর, হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহের। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৬:৩৫
অমিত শাহ।

অমিত শাহ। — ফাইল চিত্র।

বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পরে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিতির জন্যই শাহের এই সফর। শুক্রবারই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। অমিত শাহের নেতৃত্বে ওই বৈঠকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেছে নেওয়া হবে। পরের দিন, শনিবার ব্রিগেডে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে দিল্লি ফিরে যাবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের তরফে শাহের যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে কৃষ্ণ মেনন মার্গের বাসভবন থেকে বেরিয়ে দিল্লির পালাম বিমানবন্দরে যাবেন শাহ। ১০টা ৪০ মিনিটে তাঁকে নিয়ে কলকাতার উদ্দেশে উড়বে বিএসএফের বিমান। ১২টা ৪০ মিনিটে বিমানটির কলকাতা বিমানবন্দরে অবতরণ করার কথা। সেখান থেকে সড়কপথে ১টা নাগাদ নিউ টাউনের হোটেলে পৌঁছোনোর কথা শাহের। ওই হোটেলে দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত বেশ কয়েকটি বৈঠক করার কথা তাঁর।

বিজেপি সূত্রে খবর, হবু বিধায়কদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে শাহের। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাঁকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পড়শি রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। যে কোনও রাজ্যে নির্বাচনের পরে পরিষদীয় দলনেতা বাছার সময় সেই রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠান বিজেপি নেতৃত্ব। তাঁরা দলের নবনির্বাচিত প্রার্থী বা হবু বিধায়কদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকেই পরিষদীয় দলনেতার নাম ঘোষণা হয়ে যায়। এ বার বিধানসভার অন্দরে বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। বিরোধী ভূমিকার বদলে বিজেপি এখন বিধানসভায় সরকারপক্ষের ভূমিকায় থাকবে। সে ক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রীই হবেন বিধানসভায় শাসকদলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ, এ বারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সঙ্গে স্থির হয়ে যাবে নতুন মুখ্যমন্ত্রীর নামও।

শাহের দফতরের প্রকাশিত সূচি অনুসারে, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে ১০টা ৫৫ মিনিট নাগাদ ব্রিগেডে পৌঁছোনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। ১২টা ২০ মিনিট নাগাদ ব্রিগেড থেকে বেরিয়ে সড়কপথে বিমানবন্দরে যাওয়ার কথা তাঁর। মনে করা হচ্ছে, তার মধ্যেই শেষ হয়ে যাবে শপথগ্রহণ অনুষ্ঠান। ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বিএসএফের বিমানের ওড়ার কথা রয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy