Advertisement
E-Paper

চন্দ্রনাথের গাড়িচালকের শরীর থেকে বার করা হল বুলেট! অস্ত্রোপচারের পরে রয়েছেন চিকিৎসকদের নজরদারিতে

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে চেপে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন তাঁর চালক বুদ্ধদেবও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ১৪:৩২
হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চালক বুদ্ধদেব বেরাকে।

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চালক বুদ্ধদেব বেরাকে। — নিজস্ব চিত্র।

চন্দ্রনাথ রথের গাড়িচালক বুদ্ধদেব বেরার শরীর থেকে বার করা হল গুলি। বৃহস্পতিবার সকালে বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা সঙ্কটজনক হলেও এখন চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন। হামলার সময়ে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের গাড়ি চালাচ্ছিলেন তিনিই।

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহাড়িয়ায় বাইকে চেপে এসে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠেছে। গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে ছিলেন তাঁর চালক বুদ্ধদেবও। তাঁদের দু’জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়েছে।

নিহত চন্দ্রনাথের দেহ বুধবার রাতেই নিয়ে যাওয়া হয় বারাসত মেডিক্যাল কলেজের মর্গে। বর্তমানে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানেরা মোতায়েন রয়েছেন বারাসত হাসপাতাল চত্বরে। সূত্রের খবর, বৃহস্পতিবারই তাঁর দেহের ময়নাতদন্ত হতে পারে। ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে চন্দ্রনাথের দেহ।

মধ্যমগ্রামের ওই ঘটনাস্থল এখনও ঘিরে রেখেছে পুলিশ। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। আপাতত কাউকে অকুস্থলে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে সূত্রের খবর। পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল বুধবার রাতে অকুস্থলে পৌঁছে যায়। যে গাড়িটিতে চন্দ্রনাথ ছিলেন, সেটি থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক আধিকারিকেরা। গাড়ির সামনের দিকে চালকের আসনে এবং পাশের আসনে— দু’জায়গাতেই রক্তের ছোপ রয়েছে। সেই দুই আসন-সহ গাড়ির ভিতরের বিভিন্ন অংশ খতিয়ে দেখেন তাঁরা। সকালের দিকে গাড়িটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy