কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভার নির্ঘণ্টে ফের বদল। কয়েক ঘণ্টা পিছিয়ে যাচ্ছে রায়দিঘির জনসভা। পিছিয়ে যাচ্ছে শাহের পশ্চিমবঙ্গ আগমনও। রবিবার রাতে নয়, সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসবেন। তার পরে হেলিকপ্টারে রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির উদ্দেশে।
এই নিয়ে দ্বিতীয় বার বদল হল শাহের ‘পরিবর্তন যাত্রা’র সফরসূচিতে। প্রথমে পিছিয়েছিল ‘শাহি’-কর্মসূচির তারিখ। এ বার পিছিয়ে গেল জনসভার সময়। ১ এবং ২ মার্চ রাজ্যের ন’টি প্রান্তে জনসভা করে ন’টি ‘যাত্রা’র সূচনা করছে বিজেপি। প্রথমে স্থির হয়েছিল, ১ মার্চ পাঁচটি জায়গায় এবং ২ মার্চ চারটি জায়গায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘যাত্রা’র সূচনা হবে। কিন্তু শাহের সভা ১ মার্চ থেকে ২ মার্চ তারিখে পিছিয়ে যাওয়ায় বিজেপির সেই সূচনাসূচিও বদলে যায়।
গড়বেতা ও কৃষ্ণনগরে ‘পরিবর্তন যাত্রা’র সূচনায় যথাক্রমে ধর্মেন্দ্র প্রধান ও জেপি নড্ডা। —সংগৃহীত।
নতুন সূচি অনুযায়ী ১ মার্চ অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গে চারটি ‘যাত্রা’র সূচনা করেছে বিজেপি। কোচবিহারে ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কৃষ্ণনগরে প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা, গড়বেতায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কুলটিতে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
প্রথমে কথা ছিল, রবিবারই এই চারটি সভার পাশাপাশি রায়দিঘিতে শাহের সভাও হবে। দু’দিন আগে বিজেপির তরফে জানানো হয়, শাহের সভা রবিবারের বদলে সোমবার হবে। তবে রবিবার রাতেই শাহ পশ্চিমবঙ্গে আসবেন বলে তখন জানানো হয়েছিল। সোমবার সকাল ১১টা ৫৫ নাগাদ রায়দিঘিতে তাঁর সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার বিকেলে শাহের সংশোধিত সফরসূচি প্রকাশ করেছে বিজেপি। জানিয়েছে যে, সোমবার দুপুর ২টো নাগাদ রায়দিঘির ভগবতীপুর ময়দানে শাহ জনসভা করবেন এবং ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করবেন। তাঁর সঙ্গে রাজ্য নেতৃত্বের তরফ থেকে থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার রাতের বদলে শাহ সোমবার সকালে কলকাতায় আসছেন বলেও বিজেপি সূত্রে জানানো হয়েছে।
কোচবিহারে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনমঞ্চে ভাষণ বিজেপি সভাপতি নিতিন নবীনের। —সংগৃহীত।
সোমবার রায়দিঘিতে শাহের কর্মসূচির পাশাপাশি রাজ্যের আরও চারটি জায়গা থেকে ‘যাত্রা’র উদ্বোধন হবে। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একটি ‘যাত্রা’র উদ্বোধন করবেন বিজেপি সভাপতি নিতিন। বীরভূমের হাসন থেকে একটি ‘যাত্রা’র উদ্বোধন করবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। হাওড়ার আমতা থেকে উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। আর উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থেকে উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।