Advertisement
E-Paper

Babul Supriyo: বাবুলের শপথ-জট কাটল! রাজ্যপালের দেওয়া দায়িত্ব মেনে নিলেন ডেপুটি স্পিকার

বিধানসভা সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় বাবুলকে শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৮:১১
অবশেষে শপথগ্রহণ হবে বাবুলের

অবশেষে শপথগ্রহণ হবে বাবুলের ছবি: সংগৃহীত

সব ঠিকঠাক থাকলে আগামী কাল বুধবার বিধানসভায় বিধায়ক পদে শপথগ্রহণ করবেন বাবুল সুপ্রিয়। ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জিতলেও, এত দিন ঝুলেই ছিল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার বিধানসভা সূত্রে খবর, বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় বাবুলকে শপথগ্রহণ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বিধানসভায়। মঙ্গলবার তাঁর শপথগ্রহণের বিষয়টি নিয়ে বিধানসভায় বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথমে মুখ্য সচেতক নির্মল ঘোষ ও উপ মুখ্য সচেতক তাপস রায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বিধানসভার আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন স্পিকার। তার পরেই ঠিক হয় বুধবার দুপুরে নৌশার আলি কক্ষে শপথগ্রহণ অনুষ্ঠান হবে বাবুলের। এক সময় বিধায়ক পদে শপথ নিতে না পারায় টুইট করে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাবুল। সেই ক্ষোভে প্রলেপ পড়তে চলেছে বুধবার।

প্রথম থেকেই বাবুলের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারণ বিধায়কদের শপথগ্রহণের যে অধিকার রাজ্যপাল স্পিকারকে দিয়ে থাকেন, তা তিনি ফিরিয়ে নিয়েছিলেন। সঙ্গে পরিষদীয় দফতর যখন রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বাবুলের শপথের জন্য অনুমতি চায়, তখন তিনি সরকারের কাছে আটকে থাকা বিলের জবাবদিহি তলব করেন। ফলে আটকে যায় বাবুলের শপথ। পরে অবশ্য সংবিধানের ১৮৮ ধারার উল্লেখ করে বাবুলকে শপথগ্রহণ করাতে অনুমতি দেন ডেপুটি স্পিকারকে। বাবুল আবার স্পিকারের কাছ থেকে শপথগ্রহণ না করতে পারা নিয়ে টুইট করেছিলেন। স্পিকারকে এড়িয়ে বাবুলকে শপথগ্রহণ করাতে অস্বীকার করেন ডেপুটি স্পিকার। ফলে ফের আটকে যায় বাবুলের শপথগ্রহণ। সঙ্গে চিঠি দিয়ে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও রাজ্যপালকে জানিয়ে দেন তিনি।

সূত্রের খবর, শেষ পর্যন্ত দলের তরফ থেকে আশিসকেই শপথগ্রহণ করাতে বলা হয়েছে। তাতেই ডেপুটি স্পিকার বাবুলকে শপথগ্রহণ করাতে রাজি হয়েছেন। আপনিই কি বাবুলকে শপথগ্রহণ করাবেন-- এমন প্রশ্নের কোনও জবাব না দিয়ে শুধুই হেসেছেন রামপুরহাটের বিধায়ক আশিস। বিধানসভা সূত্রে খবর, শপথগ্রহণের দায়িত্ব পালন করতে পারবেন না বলে যে চিঠিটি তিনি রাজ্যপালকে দিয়েছিলেন, আরও একটি চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নিয়েছেন ডেপুটি স্পিকার। আর সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে শূন্য হওয়া বালিগঞ্জ বিধানসভাও পাবে তাঁদের বিধায়ক। প্রসঙ্গত, ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বামফ্রন্টের প্রার্থী সায়রা হালিমকে ২০,০৩৮ ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূল প্রার্থী বাবুল।

Babul Supriyo MLA Oath Taking Ceremony
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy