ট্রেনে চলতে চলতে প্রসব যন্ত্রণা, তার পর সেখানেই সন্তানের জন্ম দিলেন এক অন্তঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে কাটোয়া-আজিমগঞ্জ লাইনের একটি ট্রেনে। কর্তব্যরত জিআরপিকর্মীরা পরে তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন।
সূত্রের খবর, মা আসমাতারা বিবিকে কাটোয়ায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন মুর্শিদাবাদের সালারের বাসিন্দা অন্তঃসত্ত্বা সুন্দরী বিবি। চলন্ত ট্রেনে হঠাৎ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। কেতুগ্রামের শিবলুন স্টেশনের কাছে পৌঁছতেই চলন্ত ট্রেনের মধ্যেই সন্তানের জন্ম দেন ওই তরুণী। সেই স্টেশনে থাকা কর্তব্যরত মহিলা জিআরপি এবং সিভিক ভলান্টিয়াররা দ্রুত মা ও সন্তানকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে যে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন সুন্দরী বিবি। বর্তামানে মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন বলে জানান চিকিৎসকেরা।