বিডিও-র খোঁজ চাইবেন না, নোটিস পঞ্চায়েত সমিতিতে
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ
মাস দুয়েক ধরে অফিসে আসছেন না বিডিও। নানা কাজে আসা মানুষজন প্রতি দিন হাতের কাছে তাঁকে পেয়ে বিডিও কোথায় জানতে চাইছেন। জবাব দিতে দিতে তিনি ক্লান্ত। গলসি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় তাই নিজের ঘরে নোটিস দিয়েছেন, ‘অনুগ্রহ করিয়া বিডিও কোথায় জিজ্ঞাসা করিবেন না।’ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জানুয়ারিতে বিডিও ব্রততী মিত্রের পা ভেঙেছে। বেশ কয়েক দিন ছুটিতে থাকার পের তিনি ফেব্রুয়ারিসত কাজে যোগ দেন। কিন্তু তার পরেও তিনি অফিসে আসছেন না বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সময়ের মধ্যে আলু বা ধান কেনার নানা সমস্যা, পানীয় জলের সমস্যা-সহ নানা বিষয় নিয়ে বাসিন্দারা ব্লক অফিসে গিয়েছেন। এ ছাড়া নানা কাজে বিডিওর সই লাগে। কিন্তু অফিসে গিয়ে বিডিও-র দেখা মেলেনি। পঞ্চায়েত সমিতি সূত্রের খবর, বিডিও-র অনুপস্থিতির জন্য নানা কাজে অসুবিধার পাশাপাশি বাজেট প্রস্তাবও পাশ হয়নি। বিডিওকে অফিসে না পেয়ে অনেকেই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এসে জিজ্ঞাসাবাদ করছেন। সে কারণেই নিজের ঘরে এমন বিজ্ঞপ্তি দিতে হয়েছে বলে দাবি করেন সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘বিডিও এক জন সরকারি আধিকারিক। তিনি কোথায় সে বিষয়ে কিছু বলার এক্তিয়ার আমার নেই। আমি নিজের কাজে ব্যস্ত থাকি। কিন্তু ব্লক অফিসে আসা প্রায় প্রত্যেকেই বিডিও-র বিষয়ে আমাকে জিজ্ঞাসা করায় এই ব্যবস্থা নিতে হয়েছে।’’ বিডিও ব্রততীদেবী জানান, অসুস্থতার কারণে তাঁর কাজ করতে অসুবিধা হচ্ছে। তাই তিনি অফিসে যেতে পারছেন না।
বিক্রি হয়ে যাওয়া শিশু উদ্ধার জামুড়িয়া থেকে
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর
বিক্রি হয়ে যাওয়া একটি শিশুপুত্রকে জামুড়িয়া থেকে উদ্ধার করল হুগলির ডানকুনি থানার পুলিশ। আইনবিরুদ্ধ ভাবে শিশুটিকে কেনার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। মাস ছ’য়েক আগে নিজের বাবা শিশুটিকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। পুলিশের দাবি, একটি চক্রের মাধ্যমে ছেলেটিকে জামুড়িয়ায় নিয়ে যাওয়া হয়। এ দিন তাকে মায়ের হাতে তুলে দিয়েছে শ্রীরামপুর আদালত। পুলিশ সূত্রের খবর, শিশুটির বাবা তোতন এবং মা প্রতিমা দাস ডানকুনিতে ভাড়া থাকেন। গত বছর ৬ অক্টোবর চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে শিশুটির জন্ম হয়। অভিযোগ, সদ্যোজাত ছেলেকে বিক্রি করে দেন তোতন। শিবু মাহাত নামে এক প্রতিবেশী এ নিয়ে ডানকুনি থানায় অভিযোগ করেন। তোতনকে গ্রেফতার করা হয়। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, জেরায় তোতন জানায়, দক্ষিণেশ্বরের এক মহিলার হাতে তিনি ছেলেকে তুলে দিয়েছেন। এর পরে খোঁজখবর করে দীপা চট্টোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেফতার করা পুলিশ। মাস দু’য়েক আগে সুনীতা রজক নামে আরও এক মহিলাকে ধরা হয় দক্ষিণেশ্বর থেকেই। মঙ্গলবার সূত্র মারফত পুলিশ খবর পায়, ছেলেটিকে জামুড়িয়ায় বিক্রি করা হয়েছে। এর পরেই ডানকুনি থানার ওসি প্রদীপ দাঁ সেখানে পুলিশ পাঠান। জামুড়িয়ার শিবডাঙা কোলিয়ারি আবাসনে শান্তি দাস নামে এক মহিলার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আইনবিরুদ্ধে ভাবে শিশুটিকে কেনার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃত মহিলাকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। এসিজেএম নচিকেতা বেরা তাঁকে ১৪ দিন জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ওই আদালতের আইনজীবী লতিফ আলি মল্লিক জানান, বিচারকের নির্দেশে শিশুটিকে মায়ের হাতে তুলে দেওয়া হয়। তোতন এবং প্রতিমা দু’জনেই আদালতে এসেছিলেন। তাঁদের কেউই অবশ্য কথা বলতে চাননি।
ক্রিকেটে জিতল সুব্রত সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
প্রথম ডিভিশন ক্রিকেট লিগে সুব্রত স্মৃতি সঙ্ঘ ২৯ রানে হারিয়েছে জাতীয় সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩৫ ওভারে করে সুব্রত সঙ্ঘ সাত উইকেটে ২৩৫ রান করে। দলের নীলাদ্রি কাপুর ৬১, স্বস্তায়ন রায় ৫২ ও দেবপ্রিয় সুর ৩২ রান করেন। জবাবে জাতীয় ৩৭ ওভারে করে ২০৬-৮। তাদের মিথিলেশ কামাথ ৩০ রানে ২ ও প্রসেনজিত্ ক্যাওড়া ৩২ রানে ২ উইকেট নেন। তবে তাদের সৌমজিত্ কর্মকারের ৯১ রানও দলকে জেতাতে পারেনি। সুব্রতর দেবপ্রিয় সুর ২২ রানে ৪, রাজীব সিংহ ১৯ রানে ৩ উইকেট দখল করেন। প্রথম ডিভিশনের আর একটি খেলায় শিবাজি সঙ্ঘ ৭ উইকেটে হারিয়েছে লোকো ইয়ং সোসাইটি বা ব্লিজকে। এই খেলায় প্রথমে ব্যাট করে ব্লিজ ৩৩ ওভারে ১৮৪ রান করে। তাদের অভিষেক চৌধুরী ৪০, সন্দীপ রায় ৩৭ ও সায়ন্তন দে ৩৪ রান করেন। শিবাজির পঙ্কজ সাউ ২০ রানে ২ উইকেট দখল করেন। পরে শিবাজি ৩১ ওভারে ১৮৫-৩ করে ম্যাচ জিতে যায়। তাদের গীতিময় বসু ৪৫ ও কৃষ্ণ মহান্তি ৩৮ রান করেন। ব্লিজের অয়ন ভট্টাচার্য ও সায়ন্তন দে ২টি করে উইকেট দখল করেন।
বেআইনি নির্মাণের নালিশ কাটোয়ায়
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
জোর করে বাড়ির দরজার সামনে ইটের গাঁথনি তুলেছে পড়শি— এমনই অভিযোগ করলেন এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। কাটোয়ার কুমোরপাড়ার বাসিন্দা শঙ্করপ্রসাদ মজুমদার নামে ওই বৃদ্ধের অভিযোগ, পুরসভার রাস্তার উপর ও পানীয় জলের পাইপ লাইনের উপর ইটের গাঁথনি দিয়েছে ওই পড়শি। ফলে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন তাঁরা। বাড়িতে মোকাবিলা করার মতো আর কেউ না থাকায় পড়শিও বেআইনি ভাবে নির্মাণ চালিয়েই যাচ্ছে। যদিও ওই পড়শির দাবি, আইন মেনেই এ কাজ করেছেন তাঁরা। পুরসভার তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া মাত্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কাটোয়া থানা সূত্রে জানানো হয়েছে, পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়ে এসেছে।
সর্বোচ্চ উৎপাদন ইসিএলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
সংস্থার ইতিহাসে সর্বোচ্চ কয়লা তোলার রেকর্ড করেছে ইসিএল। চলতি অর্থবর্ষে ইসিএল ৪০ লক্ষ টন কয়লা তুলেছে। ১৯৭৫ সালে সংস্থার জন্মলগ্নের পরে এই প্রথম কোনও অর্থবর্ষে ইসিএল এই অঙ্ক ছুঁয়েছে। এই বছর ইসিএলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লক্ষ টন। লক্ষ্যমাত্রা পূরণ ও বাড়তি আরও দু’লক্ষ টন কয়লা তোলায় শ্রমিক-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন সংস্থার সিএমডি রাকেশকুমার সিংহ। এই বছরই ইসিএল বিআইএফআর থেকে মুক্ত হয়েছে। সংস্থার এই সাফল্যে খুশি শ্রমিক মহলও।
পথ দুর্ঘটনায় মৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়ার। পুলিশ জানায়, আসানসোলের নামোপাড়ার বাসিন্দা অনিমেষ রায় (২০) বুধবার দুপুরে এক সহপাঠীকে সঙ্গে করে মোটরবাইকে চেপে জামুড়িয়া যাচ্ছিলেন। কালীপাহাড়ির কাছে মোটরবাইকটিকে একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনিমেষের।
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রের
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। পুলিশ জানায়, মৃতের নাম অনিমেষ রায় (২০)। বাড়ি আসানসোল গ্রামের নামোপাড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসানসোলের একটি কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ওই ছাত্র বুধবার দুপুরে তাঁর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে মোটরবাইকে চেপে জামুড়িয়া যাচ্ছিলেন। আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ির কাছে তাঁদের মোটরবাইকের পিছনে একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। তাঁর সহপাঠী জখম হয়েছেন।
ভলিবল লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত ভলিবল লিগে বুধবারের খেলায় জিতল ডিএসপিএসএ। এ দিন নেহরু স্টেডিয়ামে হওয়া ওই খেলায় তারা ৩-০ সেটে হারায় বেনাচিতি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে।
ডাকঘরে ভাঙচুরে ধৃত
সময়ে নানা প্রকল্পের টাকা ও বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগে মঙ্গলবার গলসি ডাকঘরে ভাঙচুর চালিয়েছিলেন গ্রাহকদের একাংশ। কর্মীদের গালিগালাজ করে নগদ কয়েক হাজার টাকা নিয়ে তাঁরা পালিয়েছিলেন বলেও অভিযোগ। সেই ঘটনায় বুধবার ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানিয়েছেন, আরও কয়েকজনের খোঁজ চলছে। মঙ্গলবার দীর্ঘক্ষণ অপেক্ষার পরে টাকা না পেয়ে ওই ডাকঘরে ভাঙচুর চালান গ্রাহকদের একাংশ। তাঁদের দাবি, বহু দিন ধরেই ভাতা বা প্রকল্পের টাকা পাচ্ছেন না তাঁরা। যদিও ওই ডাকঘরের পোস্টমাস্টার রামেন্দ্রসুন্দর কর্মকারের দাবি, কর্মীর অভাবেই টাকা সময়ে দেওয়া যাচ্ছে না। তাঁর দাবি, গ্রাহকেরা এ দিন অফিসের কম্পিউটার, প্রিন্টার-সহ বেশ কিছু দরকারি জিনিস ভাঙচুর করেন। নগদ টাকাও নিয়ে পালান। এরপরেই থানায় অভিযোগ করেন রামেন্দ্রসুন্দরবাবু। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ভুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষ ও স্থানীয় তৃণমূল নেতা নবকুমার হাজরারও খোঁজ চলছে। বুধবার ধৃত ১২ জনকে সিজেএম আদালতে তোলা হলে বৃহস্পতিবার পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। সরকারি আইনজীবী চন্দ্রনাথ গোস্বামী জানিয়েছেন, ওই দিন ফের তাদের আদালতে তোলা হবে।
কেন্দ্র বদলের আর্জি
ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধের কথা ভেবে পরীক্ষাকেন্দ্র বদলের দাবি জানাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। বুধবার উপাচার্যের সঙ্গে দেখা করে তারা জানান, দীর্ঘদিন ধরে রাজ কলেজের অনার্স পরীক্ষার আসন পড়ত বিবেকানন্দ কলেজে। বিবেকানন্দ কলেজের আসন পড়ত রাজ কলেজে। কিন্তু এ বার রাজ কলেজের আসন পড়েছে হাটগোবিন্দপুর বিএন দত্ত মহাবিদ্যালয়ে ও বিবেকানন্দ কলেজের আসন পড়েছে শ্যামসুন্দর মহাবিদ্যালয়ে। সংসদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের দাবি, ‘‘এই দুটি কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী যেহেতু বর্ধমান শহরে বসবাস করেন তাই তাঁদের পক্ষে অত দূরে গিয়ে পরীক্ষা দিতে প্রচুর সমস্যা হবে।’’ আবেদনকারীদের দাবি, উপাচার্য ওই অনুরোধ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
বাজ পড়ে মৃত্যু
বাজ পড়ে মৃত্যু হল দু’জনের। বুধবার সন্ধ্যার ঘটনা। জেলার বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সোম মুর্মু (৫০) ও শঙ্করী দেহরি (৩৫)। সোমবাবুর বাড়ি হাটগোবিন্দপুর ও শঙ্করীদেবীর বাড়ি মন্তেশ্বরের মাঝেরগ্রামে। এ দিন কাজ থেকে ফিরে বাড়ির কাছাকাছিই ছিলেন তাঁরা। তখনই বাজ পড়ে ওই ঘটনা ঘটে। কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে।
মন্দিরে চুরি
মন্দিরে গয়না-সহ নানা জিনিস চুরি গেল আসানসোল উত্তর থানার ডিপোপাড়ায়। পুলিশ জানায়, বুধবার সকালে এলাকার বাসিন্দারা দেখেন, মন্দিরের গেটের তালা ভাঙা। দরজা হাট করে খোলা। এর পরেই পুলিশে খবর পাঠানো হয়।
কোথায় কী
বুদবুদ
হরিনাম সংকীর্তন। পরিশা শিমুলতলা ব্রহ্মচারী আশ্রম। সন্ধ্যা সাতটা। উদ্যোগ: পরিশা শিমুলতলা বহ্মচারী দেবাশ্রম সমিতি।
দুর্গাপুর
প্রশিক্ষক প্রশিক্ষণ শিবির। সিধো কানহু ইনডোর স্টেডিয়াম। সকাল ১০টা। উদ্যোগ: বর্ধমান জেলা টেবিল টেনিস সংস্থা।