প্রিমিয়ার লিগের সেমিফাইনাল। উত্তেজনা তুঙ্গে। হঠাৎ স্কুটার চালিয়ে ২২ গজে উপস্থিত হলেন এক মহিলা। তার পর হুলস্থুল পরিস্থিতি হল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ‘৫৪ ফুটের চয়ন মাঠে।’ ইটবৃষ্টি, হাতাহাতি এবং ধাক্কাধাক্কিতে জখম হলেন অনেকে। ওই মহিলাকে সরিয়ে নিয়ে যেতে গিয়ে আহত হলেন মহিলা পুলিশকর্মীরাও। ঘটনাস্থলে যেতে হয় পুলিশবাহিনীকে।
পুলিশ সূত্রে খবর, নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলছিল দুর্গাপুরে। রবিবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রচুর দর্শক হয়েছিল। খেলার শেষের দিকে হঠাৎই মাঠে স্কুটার নিয়ে ঢুকে পড়েন এক মহিলা। স্কুটার স্ট্যান্ড করেন পিচে। খেলা থেমে যায়। ওই মহিলা জানান, টুর্নামেন্টের জন্য তাঁর স্বামী চারচাকা গাড়ি নিয়ে রাস্তা দিয়ে বাড়ি যেতে পারেনননি। এখনই খেলা থামাতে হবে। শুরু হয়ে যায় বিতণ্ডা। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা ওই মহিলাকে সরিয়ে নিয়ে যেতে চান। কিন্তু তিনি নড়তে নারাজ। এর মধ্যে ধৈর্যের বাঁধ ভাঙে দর্শকদের। কেউ কেউ ইট ছোড়েন মাঠে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয়ে যায় হাতাহাতি, মারামারি। গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। এমনকি, মহিলা পুলিশকর্মীরাও জখম হয়েছেন।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা রানা শিকদার নামে এক ক্লাবের সদস্য বলেন, ‘‘ওই মহিলার স্বামী গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। দর্শকদের কারও সঙ্গে তাঁর গন্ডগোল হয়। উনি বাড়ি চলে যান। কিন্তু ওঁর স্ত্রী স্কুটার নিয়ে মাঠে ঢুকে পড়েন।’’ তিনি জানান, পুলিশ গিয়েও ওই মহিলাকে প্রথমে সরিয়ে নিয়ে যেতে পারেনি। দর্শকদের কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন। তার পর হাতের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি।
আরও পড়ুন:
পুলিশের একটি সূত্রে খবর, গন্ডগোলের মধ্যে পড়ে দুই মহিলা পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের গান্ধী মোড়ে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, ‘‘ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। কেন এমন ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।’’