কোচবিহারের দিনহাটায় দুর্ঘটনা! ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার লেগে একটি কারখানার পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ওই নিয়ে চাঞ্চল্য এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ এবং প্রশাসনের কর্তারা।
দুর্ঘটনাস্থল দিনহাটা থানার দিনহাটা ভিলেজ-২ গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার গড়ের মাথা সংলগ্ন এলাকায় পাথর কাটার কারখানায় কাজ চলাকালীন একটি ‘মিক্সার মেশিন’-এর লোহার অংশে ১১ হাজার ভোল্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার পড়ে যায় বলে খবর। বিদ্যুৎস্পৃষ্ট হন কর্মরত শ্রমিকেরা। ঘটনাস্থলেই তাঁদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়। প্রশাসন সূত্রে খবর, মৃতদের নাম মুকুল বর্মা, রাজু সেন,মিঠুন পাল, সুমন এবং সঞ্জয় বর্মণ। তাঁরা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা।
দিনহাটা থানার আইসি-সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন। দিনহাটার এসডিপিও প্রশান্ত দেবনাথ বলেন, ‘‘নির্মাণকাজে ব্যবহৃত লিফ্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই পাঁচ জনের মধ্যে তিন জন ভেটাগুড়ির বাসিন্দা এবং দু’জনের বাড়ি ওকরাবাড়ি এলাকায়।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়েছেন মৃতদের কয়েক জনের আত্মীয়। কী ভাবে দুর্ঘটনা হল, কার গাফিলতিতে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।