স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি-র পরীক্ষা দিতে গিয়ে গ্রেফতার দুই পরীক্ষার্থী। ধৃত দুই চাকরিপ্রার্থীই মালদহের বাসিন্দা। রবিবার বাঁকুড়ায় চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন তাঁরা।
বিষ্ণুপুর রামানন্দ কলেজে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যে মোবাইল-সহ দুই পরীক্ষার্থী ধরা পড়েন বলে খবর। ওই দুই চাকরিপ্রার্থীকেই বিষ্ণুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
এসএসসি-র গ্রুপ সি পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছিল কমিশন। পরীক্ষার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল পা ঢাকা জুতো। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে আপাদমস্তক পরীক্ষা করার পরে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু তার মাঝেও মোবাইল নিয়ে চাকরির পরীক্ষায় বসেছিলেন মালদহের দুই যুবক। কলেজের পৃথক দু’টি ঘরে বসেছিলেন তাঁরা। পরীক্ষা শুরুর কিছু ক্ষণের মধ্যে ওই দুই পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয় পরীক্ষকদের। তাঁদের আবার একদফা পরীক্ষা করার পর মোবাইল পাওয়া যায়।
আরও পড়ুন:
এসএসসি গ্রুপ সি পরীক্ষায় বিষ্ণুপুর মহকুমার নোডাল অবজ়ারভারের দায়িত্বে থাকা অরুণাভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এসএসসি গ্রুপ সি পরীক্ষা বানচাল করার উদ্দেশ্যে এমন কাজ করেছেন ওই দুই পরীক্ষার্থী। কিন্তু পরীক্ষকদের তৎপরতায় সেই অপরাধ করতে পারেননি তাঁরা। ধৃতদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ করা হয়, সে জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে।’’