পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানা এলাকার পলাশডিহায় দক্ষিণ আদিবাসী পাড়ায় কুড়ুলের কোপে মৃত্যু হল এক যুবকের। স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, তাঁর পাতানো মাকে কটূক্তি করেছিলেন কয়েক জন। গোপাল দাস নামে ওই যুবক প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় এক অভিযুক্ত গ্রেফতার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বচসা শুরু হয় পলাশডিহার ওই পাড়ায়। যাঁকে নিয়ে বিবাদের সূত্রপাত, সেই উর্মিলা সিংহ জানান, বিজয় টুডু নামে এক যুবক তাঁকে কটূক্তি করেন। প্রতিবাদ করেন গোপাল। সেই সময় বিজয় বাড়ি থেকে কুড়ুল নিয়ে এসে গোপালের মাথায় কোপ মারেন।
আরও পড়ুন:
গুরুতর জখম অবস্থায় গোপালকে দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত বিজয়কে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।