বেপরোয়া বিধায়ক! উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে মাইক বাজিয়ে অনুষ্ঠান করলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। জনপ্রতিনিধি হিসেবে আইন রক্ষা করা যার দায়িত্ব সেই বিধায়কের নেতৃত্বে রীতিমত মাইক ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল হল বর্ধমানে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিকেলে বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে নবাবহাট পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে নবাবহাট মোড়ে পথসভা হয়। সেই পথসভায় মাইক হাতে বিধায়ককে বলতে শোনা যায়, ‘‘এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানোর ক্ষেত্রে বিধিনিষেধ আছে। তাই আমরা মাইক না বাজিয়ে সভা করছি।’’
দেখা যায় মিছিলে টোটোর মাথায় বড় বড় মাইকের চোঙ বেঁধে তারস্বরে মাইক বাজিয়ে মিছিল হচ্ছে। মিছিলে বিধায়কের পাশাপাশি হাঁটছেন জেলা পরিষদের সহ সভাপতি গার্গী নাহা, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার ও বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য।
সপ্তাহ খানেক আগে শব্দ বিধির তোয়াক্কা না করেই পূর্ব বর্ধমানের কাশিয়ারা গ্রামে বিধায়কের উপস্থিতিতে ‘‘লক্ষ্মী এলো ঘরে’’ সিনেমা দেখানো হয়েছিল। এর পাশাপাশি গ্রামে ‘‘উন্নয়নের পাঁচালী’’ প্রচার করা হয় রীতিমত উচ্চস্বরে মাইক বাজিয়ে।
শব্দের ব্যবহারে বিধিনিষেধ আছে। এখন পরীক্ষার সময়ে ফাঁকা জায়গায় মাইক বাজিয়ে কোনও অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। কিন্তু বর্ধমান উত্তরের বিধায়ক একজন জনপ্রতিনিধি হয়েও সন্ধ্যাবেলায় সদলবলে ‘‘উন্নয়নের পাঁচালী’’ প্রচার করেন। সেই কর্মসূচী তাঁর দলীয় নেতা, কর্মী ও সমর্থকেরা সমাজ মাধ্যমে সম্প্রচার করেন। শনিবারও বর্ধমানের গোলাপবাগ মোড় থেকে নবাবহাট পর্যন্ত তীব্র স্বরে বিভিন্নরকম বাদ্যযন্ত্র সহকারে মিছিল হল।
এই প্রসঙ্গে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘‘একজন জন প্রতিনিধি যদি এই ভাবে শব্দ বিধি ভাঙেন তাহলে সাধারণ মানুষ তো মানবেই না। আসলে তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এটাই।’’
—নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘‘সবাই শব্দ বিধি মেনেই কর্মসূচি পালন করছে। আমাদের দলও এই ব্যাপারে সজাগ। তবে মাইক বাজিয়ে মিছিল হয়েছে কি না খোঁজ নিয়ে বলতে পারব।’’
এই ঘটনায় প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে মিছিল, সভা করা নিষেধ থাকলেও কীভাবে তার অনুমতি পেল তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশি পাহারায় একেবারে তাঁদের চোখের সামনেই তৃণমূলের মিছিলে মাইক বাজল তীব্র স্বরে। যা এই ঘটনায় সরব শিক্ষা, রাজনীতি- সহ বিভিন্ন মহল। বর্ধমান উত্তরের মহকুমা শাসক রাজর্ষি নাথ বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।’’