Advertisement
E-Paper

রানিগঞ্জের আবর্জনাস্থল থেকে মিলল প্রচুর ভোটার কার্ড! নামধারীদের দাবি, বাড়িতে রয়েছে আসল পরিচয়পত্র

রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩
রানিগঞ্জে আবর্জনাস্থল থেকে উদ্ধার ভোটার কার্ড।

রানিগঞ্জে আবর্জনাস্থল থেকে উদ্ধার ভোটার কার্ড। — নিজস্ব চিত্র।

রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন। এর মধ্যেই আসানসোলের রানিগঞ্জ বিধানসভার অন্তর্গত কুমোরবাজারের চিনকুটি পাড়ায় আবর্জনাস্থল থেকে বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার হল। কার্ডগুলি সেখানে কেন, কী ভাবে এল, তা নিয়ে উঠছে প্রশ্ন। যাঁদের ভোটারকার্ড মিলেছে, তাঁদের অনেকেরই দাবি, সেগুলি ভুয়ো। আসল কার্ড তাঁদের বাড়িতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক জন পথচারী আবর্জনাস্থলের ভিতরে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। এক যুবক জানান, তিনি স্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর ভাই ফোন করে জানান যে, ভোটার কার্ড আবর্জনাস্থলে পড়ে রয়েছে। ঘটনাস্থলে এসে তিনি নিজের নামের একটি ভোটার কার্ড দেখতে পান। তবে ওই যুবকের দাবি, আসল ভোটার কার্ডটি তাঁর বাড়িতেই সুরক্ষিত রয়েছে এবং সেটি কখনও কারও হাতে দেননি। স্থানীয় বাসিন্দা আরিফের দাবি, এই ঘটনায় কড়া পদক্ষেপ করা উচিত। তিনি এ-ও জানান, ওই এলাকায় খোঁজ করলে আরও এ রকম ভোটার কার্ড মিলতে পারে, যাতে কমিশনের স্টিকারও রয়েছে।

এই ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের একাংশের মতে, পুরনো ভোটার কার্ড বদলে নতুন কার্ড ইস্যু হলে সাধারণত পুরনো কার্ড নষ্ট করে দেওয়া হয় বা নির্দিষ্ট নিয়মে বাতিল করা হয়। কিন্তু সেই কার্ডগুলি যদি এ ভাবে খোলা কুড়েদানে পড়ে থাকে, তবে তা গাফিলতি বা অন্য কোনও অনিয়মের ইঙ্গিত দেয় বলেই মনে করছেন অনেকে।

খবর পেয়ে রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত ভোটার কার্ড উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কীভাবে এত সংখ্যক ভোটার কার্ড সেখানে এল, তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টির তদন্ত শুরু হয়েছে। ভোটের আগে এই ঘটনায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে।

Voter Card
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy