নাট্য উৎসব ঘিরে তিন দিন ধরে সরগরম রইল কাটোয়া সংহতি মঞ্চ। শুক্রবার থেকে শুরু হওয়া ওই উৎসবের আয়োজন করে ‘জাগরী’ সাংস্কৃতিক গোষ্ঠী। প্রথম দিন সোদপুর ক্রান্তিকালের প্রযোজনা ও সুভাষ মুখোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘দোলাচল’ ও ‘পূর্ব জন্মের ভাই’ নামে দু’টি নাটক। শনি ও রবিবার যথাক্রমে বারাসাত অনুশীলনী নাট্যদল ‘তোমাকে চাই’ ও ‘শল্য পর্ব’ নামে দু’টি নাটক মঞ্চস্থ করে। নির্দেশক বিজয় মুখোপাধ্যায় ও রুদ্রতেজ সেনগুপ্তের দাবি, এখানে এসে তাঁরা ফের বুঝতে পারলেন মফঃস্বলেও যথেষ্ট সংখ্যাতেই নাটকের দর্শক রয়েছেন। আয়োজকদের তরফে অপূর্ব চক্রবর্তী জানান, গত পাঁচ বছর ধরে এই উৎসবের আয়োজন করা হচ্ছে।
বার্ষিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, রূপনারায়ণপুর: ‘আজকের যোধন’ সাহিত্য পত্রিকার বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হল এইচসিএল গেস্ট হাউসে। শনিবার গান, কবিতা পাঠ-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি তারক সেন পুরস্কার দেওয়া হয় অন্ডাল গ্রামের বাসিন্দা, কবি নিখিল পাণ্ডেকে। এ ছাড়াও সংবর্ধনা দেওয়া হয় হরকুমার চট্টোপাধ্যায় ও রত্না সোমকে। সাহিত্য প্রসারে সাহিত্যিকের কতখানি দায়িত্ব রয়েছে, লেখার বিষয়ই বা কী, এমনই বিভিন্ন সব বিষয় নিয়ে একটি আলাচনাচক্রও আয়োজিত হয়। সম্পাদক বাসুদেব মণ্ডল জানান, তাঁদের পত্রিকা ৩২ বছরে পড়ল। অনুষ্ঠানে মাধব অধিকারীর গান তারিফ কুড়োয় শ্রোতাদের।
পুর উৎসব
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পুর উৎসব উপলক্ষে সরগরম বর্ধমানের শাঁখারিপুকুরের উৎসব ময়দান। শনিবার থেকে শুরু হওয়া উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসবের উদ্বোধন করেন অভিনেত্রী দেবশ্রী রায়। উৎসব উপলক্ষে গান, নাচ-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, মেলায় এ বার মোট ১৬২টি স্টল এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, রবিরঞ্জন চট্টোপাধ্যায়, জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার কুণাল অগ্রবাল প্রমুখ।
সুকুমার স্মরণে
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক সুকুমার সেন স্মরণে রবিবার একটি আলোচনাসভা আয়োজিত হল বর্ধমানের রবীন্দ্র ভবনে। আয়োজনে ছিল, বর্ধমান রবীন্দ্র পরিষদ। সুকুমার সেনের ভাষা ও সাহিত্যচিন্তা নিয়ে আলোচনা করা হয় ওই সভায়। ‘বাঙ্গালা সহিত্যের ইতিহাস’, ‘বঙ্গভূমিকা’, ‘ভাষার ইতিবৃত্ত’-সহ সুকুমার সেনের বহুল চর্চিত বইগুলির কথা উঠে আসে বিভিন্ন জনের বক্তব্যে। অনুষ্ঠানে গান ও আবৃত্তিও পরিবেষণ করেন শিল্পীরা।
ছাত্র-যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: রাজ্য জুড়ে শুরু হয়েছে ছাত্র-যুব উৎসব। কাটোয়ায় সম্প্রতি তা শেষ হল। কাটোয়া পুরসভা আয়োজিত ওই উৎসবে নাচের দলগত বিভাগে চ্যাম্পিয়ন মঞ্জুরী নৃত্যদল। আয়োজকদের তরফে জানানো হয়, কাটোয়া কাশীদাস বিদ্যায়তনে আয়োজিত ওই উৎসবে আবৃত্তি, গান, একক ও দলগত নৃত্য-সহ মোট ২৪টি বিভাগে ৬৮৫ জন যোগ দেয়। প্রতি বিভাগের প্রথম স্থানাধিকারীরা মন্তেশ্বরে জেলা ছাত্র-যুব উৎসবে যোগ দেবে বলে জানা গিয়েছে।
কলেজে প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: পরিষদীয় দফতর আয়োজিত যুব সংসদ প্রতিযোগিতায় প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতার আয়োজন করা হয়। বর্ধমান রাজ কলেজে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় তাৎক্ষণিক বক্তৃতা বিভাগে চ্যাম্পিয়ন হয় বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে রাজ কলেজ ও রানিগঞ্জ মহিলা কলেজ। প্রশ্নোত্তরের দু’টি বিভাগেই চ্যাম্পিয়ন হয় কালনা কলেজ।
দুর্গাপুরে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: একটি বেসরকারি সংস্থার তরফে রবিবার চতুরঙ্গ ময়দানে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হল। আয়োজন করা হয় হস্তশিল্প মেলা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, আদিবাসী নৃত্য ও বাউল গান। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়।