পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই ছাত্রছাত্রীদের হাতে আবার সাইকেল তুলে দিতে চলেছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল বিতরণ শুরু হবে। নবান্নের এই তৎপরতাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় ‘সবুজসাথী’ প্রকল্প। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়েছে। পরবর্তী বছরগুলিতে নীতি বদলে নবম শ্রেণিতে উঠলেই ছাত্র-ছাত্রীরা এই সুবিধা পেতে শুরু করে। বর্তমানে প্রায় ৯ হাজার স্কুল এই প্রকল্পের আওতায় রয়েছে।
আরও পড়ুন:
গত বছর রাজ্যে ১২ লক্ষ ৩৪ হাজার পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। প্রশাসনিক সূত্রের দাবি, ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২ লক্ষ ৪৭ হাজারে। অর্থাৎ, এ বছর প্রায় সাড়ে ১২ লক্ষ ছাত্র-ছাত্রী ‘সবুজসাথী’ প্রকল্পের আওতায় সাইকেল পেতে চলেছে। এখনও পর্যন্ত এক কোটি ৩৮ লক্ষেরও বেশি পড়ুয়া এই প্রকল্পের সুবিধা পেয়েছে বলে সরকারি পরিসংখ্যান জানাচ্ছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, মার্চের প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গের সাধারণ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার আগে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে চাইছে নবান্ন। স্কুলশিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণিকল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দফতর যৌথ ভাবে এই প্রকল্পের বাস্তবায়নে কাজ করছে। ভোটের প্রাক্কালে সাইকেল বিতরণকে ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক তরজা শুরু হলেও, সরকারের দাবি— পড়ুয়াদের স্কুলমুখী করা এবং ড্রপআউট কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।