E-Paper

বঙ্গে টাকাই বন্ধ, অন্য রাজ্যে নজরদার দল

দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে মনরেগা বা একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পেও ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ২০২২-২৩-এর বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থ বরাদ্দ হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৪৮

— প্রতীকী চিত্র।

বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, মধ্যপ্রদেশ, রাজস্থান-সহ নানা রাজ্যের মোট ৭৭টি জেলায় গত তিন বছরে একশো দিনের কাজ-সহ গ্রামোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। এই সব জেলাতেই কেন্দ্রীয় দল নজরদারির জন্য পাঠানো হয়েছে। আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লোকসভায় এই তথ্য দিয়েছে।

দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ সাল থেকে পশ্চিমবঙ্গে মনরেগা বা একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ প্রকল্পেও ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ২০২২-২৩-এর বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থ বরাদ্দ হয়নি। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে লিখিত প্রশ্ন করেন, গত তিন বছরে কোন কোন রাজ্যে গ্রামোন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ মিলেছে? মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসোয়ান জানান, ২২টি রাজ্যের ৭৭টি জেলায় গত তিন বছরে অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে কেন্দ্রীয় দলও পাঠানো হয়েছে। তৃণমূলের প্রশ্ন, তা হলে শুধু পশ্চিমবঙ্গের জন্য অর্থ বরাদ্দ বন্ধ কেন? মালা বলেন, “দেশের মধ্যে বাংলা আজ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার। সরকারি উত্তরেই তা স্পষ্ট।”

দুর্নীতি ও আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০২২ থেকে পশ্চিমবঙ্গে মনরেগা বা একশো দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্র। প্রথমে কলকাতা হাই কোর্ট, তার পরে সুপ্রিম কোর্ট ফের রাজ্যে মনরেগা চালুর নির্দেশ দেওয়ার পরে কেন্দ্র পশ্চিমবঙ্গে ফের মনরেগা-য় কাজ চালুর নির্দেশিকা জারি করেছে। মনরেগা তুলে দিয়ে কেন্দ্রীয় সরকার যে ভিবি-জি রাম জি আইন এনেছে, তা রূপায়ণ না হওয়া পর্যন্ত মনরেগা-র কাজ চলবে।

গ্রামোন্নয়ন মন্ত্রক সংসদে জানায়, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ ও ওড়িশায় কেন্দ্রীয় দল গিয়েছিল। পশ্চিমবঙ্গে ৪৫.৬৯ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ছিল। ২০১৬-১৭ থেকে ২০২২-২৩-এর মধ্যে এই প্রকল্পে ২৫,৭৯৮ কোটি টাকা অনুদান মঞ্জুর করেছিল কেন্দ্র। কিন্তু তার পরে অযোগ্য পরিবারকে বাছাই, যোগ্য পরিবারের নাম বাদ, প্রকল্পের নাম বদলে ‘বাংলা আবাস যোজনা’ করার অভিযোগ মেলে। কেন্দ্রীয় দলের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের তরফে সন্তোষজনক পদক্ষেপ করার রিপোর্ট না মেলায় ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই প্রকল্পে ২০২২-২৩-এর বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণের জন্য অর্থ বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। ওড়িশার ক্ষেত্রে অবশ্য অর্থ বরাদ্দ বন্ধ হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Central Government West Bengal government financial aid

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy