Advertisement
E-Paper

নব মহাকরণেও এ বার বসবে আদালত, ২৫ অগস্ট হাই কোর্টকে জায়গা দেবেন মুখ্যমন্ত্রী

গত জুন মাসে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১২:৪৫
২৫ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই স্থানান্তরণের কাজ আনুষ্ঠানিক রূপ পাবে।

২৫ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই স্থানান্তরণের কাজ আনুষ্ঠানিক রূপ পাবে।

সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ অগস্ট নব মহাকরণের একটি বড় অংশের দায়িত্ব কলকাতা হাই কোর্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের পরিবেশ ক্রমশ ঘিঞ্জি হয়ে পড়েছিল। তাই আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন ছিল। সঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলির কিছু শাখাও সরানো জরুরি হয়ে পড়েছিল। সেই গুরুত্ব বিবেচনা করে নব মহাকরণের বড় অংশ রাজ্য সরকার তুলে দিচ্ছে আদালত কর্তৃপক্ষের হাতে। এ বার আদালতের কাজের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আসা হবে নব মহাকরণে। পূর্ত দফতর ইতিমধ্যে নব মহাকরণে থাকা দফতরগুলি সরিয়ে ফেলার কাজ শেষ করে ফেলেছে। সঙ্গে আদালতের কাজ যাতে নব মহাকরণে দ্রুত শুরু করা যায় সেই বিষয়ে উপযুক্ত পরিকাঠামো গড়ে দিয়েছে। আগামী ২৫ অগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই স্থানান্তরণের কাজ আনুষ্ঠানিক রূপ পাবে। অনুষ্ঠানটি হবে নব মহাকরণের ব্লক-বি-এর নবম তলায়।

বামফ্রন্ট জমানায় রাজ্য সরকারের প্রায় সমস্ত সরকারি দফতর বসত মহাকরণে। কিন্তু পরে কিছু দফতরের আধিকারিকদের জন্য স্থান পর্যাপ্ত না হওয়ায় সরকারি কাজে অসুবিধা হয়। সেই সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। সেখানে এক থেকে সাত তলা পর্যন্ত বসতেন কয়েক জন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী, আধিকারিক ও কর্মীরা। কিন্তু আদালতের কাজের জন্য এ বার সরানো হল বেশ ক‌িছু দফতর। আবাসন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউটাউনে। তবে শ্রম ও সমবায় দফতরের মতো বেশ কিছু দফতর নব মহাকরণ থেকেই পরিচালিত হবে বলে সূত্রের খবর। কারণ, এক থেকে ন’তলা পর্যন্ত আদালত কর্তৃপক্ষকে দেওয়া হলেও, বাকি অংশ থাকবে রাজ্য সরকারের হাতেই।

গত জুন মাসে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শ্রী প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক হয়েছিল মুখ্যমন্ত্রীর। মনে করা হচ্ছে সেই বৈঠকেই নব মহাকরণে আদালতের বড় অংশ সরিয়ে আনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এ বিষয়ে বৈঠক করে দফতরগুলি সরিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন। আগামী ২৫ অগস্ট মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা হাই কোর্টের বেশ কয়েক জন বিচারপতিও এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন বলেই সূত্রের খবর।

West Bengal Chief minister Mamata Banerjee New Secretariat Building
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy