Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে নতুন আক্রান্ত অনেকটা বেড়ে ৭৪৮, কলকাতাতেও বেড়ে ১৩৯

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ৫ এবং কলকাতায় ৪ জন বাসিন্দা মারা গিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ২১:০৩

গ্রাফিক: সনৎ সিংহ।

রাজ্যে করোনায় নতুন সংক্রমণ বেড়ে প্রায় সাড়ে ৭০০-র কাছাকাছি পৌঁছল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যাও ঊর্ধ্বমুখী। ওই সময়ের মধ্যে গোটা রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যাও বে়ড়েছে। তবে দৈনিক টিকাকরণ অনেকটাই কমেছে।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৮ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলায় আক্রান্ত শতাধিক বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় এ শহরে ১৩৯ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। অন্য দিকে, উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত ১২৩। হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ করে সংক্রমিত হয়েছেন। হুগলি এবং নদিয়ায় ৫৭ জন করে আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দার্জিলিঙে ৩৭, পশ্চিম মেদিনীপুরে ৩৩ এবং পূর্ব মেদিনীপুরে ৩২ জন আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমণ ছড়িয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৬৮ হাজার ৩২১ জনের মধ্যে করোনা ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৮০। সংক্রমণের দৈনিক হারও আগের থেকে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা দাঁড়িয়েছে ১.৬৪ শতাংশে।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনায় ৫ এবং কলকাতায় ৪ জন বাসিন্দা মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় ২, হাওড়া, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ১ জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ৭৭৮ জন রোগী মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

দৈনিক টিকাকরণ আগের দিনের থেকে কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বুধবার সকালে মন্ত্রকের বুলেটিন জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫১ হাজার ৯৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে কোভিড পরীক্ষার দৈনিক সংখ্যা আগের দিনের থেকে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ২৯১টি কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

COVID-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy