Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ এবং সংক্রমণের হার, কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ২০:৩২

গ্রাফিক: সনৎ সিংহ।

বুধবারই রাজ্যে দৈনিক আক্রান্ত দু’হাজারের গণ্ডি টপকে গিয়েছে। বৃহস্পতিবার তা আরও বেড়ে পৌঁছে গেল তিন হাজারের দোরগোড়ায়। কলকাতাতে দৈনিক আক্রান্ত আটশোর উপরেই থাকল। কিন্তু মহানগরীকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। সাড়ে পাঁচশো থেকে দৈনিক আক্রান্ত সোজা সাড়ে আটশোর কাছে পৌঁছে গেল ওই জেলায়। চিকিৎসক মহলের আশঙ্কা ছিল, চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে রাজ্যে দৈনিক সংক্রমণ যে ভাবে বাড়ছিল, একই ভাবে এ বারও ওঠা-নামার মধ্যে দিয়েই সংক্রমণ বাড়তে পারে রাজ্যে। বুধবার দৈনিক সংক্রমণের তিন হাজারের কাছে পৌঁছে যাওয়া সে দিকেই ইঙ্গিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পর দৈনিক আক্রান্ত কমলেও উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। কারণ, দৈনিক সংক্রমণের হার ঊর্ধ্বমুখীই। বাড়তে বাড়তে তা ১৯ শতাংশের কাছে পৌঁছে গিয়েছে। সে দিকেই দৃষ্টি আকর্ষণ করিয়ে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দিচ্ছেন তাঁরা। এরই পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় দু’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৪২ হাজার ৮৩১ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতা ও উত্তর ২৪ পরগনার অধিবাসী। মহানগরীতে আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৮৩৪ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ওই তিন জেলার কোভিড পরিস্থিতিও প্রশাসনের নজরে রয়েছে। সংক্রমণ বাড়তে শুরু করেছে পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূমেও।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৪১৬ জনের। দৈনিক সংক্রমণের হার কমে হল ১৮.৭৪ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে ১৬ হাজার ৫৪৬।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy