Advertisement
E-Paper

Coronavirus in West Bengal: ৬ দিনে ১০ গুণ বেড়ে রাজ্যে নতুন সংক্রমণ ৪৫১২, কলকাতা একাই ২৩৯৮

পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১০ শতাংশ ছাড়াল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ২০:১১
রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়াল।

রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়াল। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চলতি সপ্তাহে সোমবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ৪৩৯। শনিবার তা বেড়ে ছাড়িয়ে গেল সাড়ে চার হাজারের গণ্ডি। অর্থাৎ, বিগত ছয় দিনে দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০ গুণ বেশি বৃদ্ধি দেখা গেল রাজ্যে। শুধু কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল দু’হাজার। পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে মহানগরী সংলগ্ন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। শুধু তাই নয়, রাজ্যে দৈনিক সংক্রমণের হারও ১২ শতাংশ ছাড়াল। বাড়ল মৃত্যুও।

গত বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি পার করেছিল। বৃহস্পতিবার দু’হাজার আর শুক্রবার তিন হাজার ছাড়িয়েছিল। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫১২ জন। কলকাতাতেও গত বুধবার যেখানে সাড়ে পাঁচশোর কাছাকাছি দৈনিক সংক্রমণ ছিল, শনিবার তা বেড়ে দাঁড়াল ২ হাজার ৩৯৮। দৈনিক আক্রান্তের সংখ্যার বিচারে জেলাভিত্তিক তালিকায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় শুক্রবার নতুন আক্রান্ত পাঁচশোর কাছে পৌঁছেছিল। শনিবার তা বেড়ে দাঁড়াল ৬৮৮।

কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলিতে এবং দক্ষিণ ২৪ পরগনায় অস্বাভাবিক হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্ত বেড়ে হল ৩৪৪। হুগলিতে শুক্রবারই ১০০ পার করেছিল নতুন সংক্রমণ। শনিবার তা হল ১৬৫। বুধবার ১০০-র গণ্ডি ছাড়িয়েছিল দক্ষিণ ২৪ পরগনায়। শনিবার তা আরও বেড়ে দাঁড়াল ১৯৮।

অস্বাভাবিক হারে বাড়ছে পশ্চিম বর্ধমানেও। শুক্রবার ওই জেলায় দৈনিক আক্রান্ত ছিল ১৩৮। শনিবার তা বেড়ে হল ২৪১। দৈনিক সংক্রমণ অনেক বাড়ল নদিয়া, বীরভূম এবং বাঁকুড়ায়। উত্তরবঙ্গের মালদহে শুক্রবারের তুলনায় দৈনিক সংক্রমণ শনিবার কিছুটা কমলেও কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরে বৃদ্ধি দেখা গেল।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে নয় জনের। এর মধ্যে কলকাতা এবং উত্তর ২৪ পরগনায় দু’জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭৭৩ জন। শনিবার সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৯১৩।

রাজ্যে দৈনিক সংক্রমণের হারও উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি সপ্তাহে সোমবারই তা ছিল আড়াই শতাংশের একটু উপরে। বৃহস্পতিবার সাড়ে পাঁচ শতাংশের কাছে পৌঁছে শনিবার তা হল ১২.০২ শতাংশ। এ দিকে, শুক্রবারের তুলনায় কোভিড পরীক্ষা কমেছে শনিবার। এ দিন রাজ্যে ৩৭ হাজার ৫৪২ জনের কোভিড পরীক্ষা করানো হয়েছে।

গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই লাফিয়ে বাড়তে শুরু করেছেন সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সাড়ে ১০ হাজার থেকে এক লাফে সক্রিয় রোগী বেড়ে হল ১৩ হাজার ৩০০। কলকাতায় সোমবার সক্রিয় রোগীর সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি ছিল। শুক্রবার তা বেড়ে প্রায় পাঁচ হাজার হয়েছে। শনিবার আরও বেড়ে হল ৬ হাজার ৪৪২। সক্রিয় রোগীর অনেক বাড়ল পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৬ লক্ষ ২ হাজার ৮০৫ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৪৮ লক্ষ ৯৫ হাজার ৯৮৫।

Coronavirus in West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy