Advertisement
E-Paper

Coronvirus in West Bengal: সংক্রমণের হার বাড়ল কলকাতায়, দার্জিলিঙে নতুন আক্রান্ত ৮০০ ছাড়াল, রাজ্যে ৯১৯১

কলকাতায় আক্রান্ত ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪ পরগনায় কিছুটা বেড়ে ১ হাজার ৩৬০ জন। দক্ষিণ ২৪ পরগনাতেও আবার বেড়ে ৭০০ পার করল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২২ ২০:১৮
গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

শুক্রবারের তুলনায় রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়ল। কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেও বাড়ল নতুন সংক্রমিতের সংখ্যা। শুক্রবার দার্জিলিঙে দৈনিক আক্রান্ত ৫০০-র কাছে ছিল। শনিবার তা বেড়ে ৮০০ ছাড়িয়ে গেল। কলকাতা এবং দার্জিলিঙে বাড়ল দৈনিক সংক্রমণের হারও। তবে কমল রাজ্যে। দৈনিক মৃত্যুও ৩৫-এর উপরেই রয়েছে।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ১৯১ জন। কলকাতায় ১ হাজার ৪৮৯ জন। উত্তর ২৪ পরগনায় কিছুটা বেড়ে ১ হাজার ৩৬০ জন। দক্ষিণ ২৪ পরগনাতেও আবার বেড়ে ৭০০ পার করল। কলকাতা সংলগ্ন হাওড়া ও হুগলিতে মোটামুটি একই আছে দৈনিক আক্রান্তের সংখ্যা।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও নতুন সংক্রমণ কোথাও কমেছে, কোথায় বেড়েছে। পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত বেড়ে ২০০ ছাড়িয়ে গিয়েছে। বেড়েছে পূর্ব বর্ধমান ও পুরুলিয়ায়। তবে বীরভূমে অনেকটা কমে দৈনিক সংক্রমণ হল ৫১৮। কমেছে নদিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

অন্য দিকে, উত্তরবঙ্গের উদ্বেগ জিইয়ে রেখেছে। দার্জিলিঙে নতুন করে সংক্রমিত হলেন ৮১৫ জন। মালদহেও সংক্রমণ বেড়ে সাড়ে চারশো পার করল। জলপাইগুড়িতে নতুন আক্রান্ত বেড়ে ৩৩০। কোচবিহারে ছাড়াল ২০০।

রাজ্যে দৈনিক আক্রান্ত সামান্য বাড়লেও কমল সংক্রমণের হার। দাড়াল ১১.১৩ শতাংশ। গত সপ্তাহে শুক্রবারের পর লাগাতার রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে চলেছে। রাজ্যে সংক্রমণের হার নিম্নগামী হলেও কলকাতায় বেড়ে দাঁড়াল ১৭.২৭ শতাংশ। দার্জিলিঙে আরও বেড়ে হল ২৭.৩০ শতাংশ। এ ছাড়াও বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদহে সংক্রমণের হার ২০ শতাংশের বেশি। শনিবার রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৮২ হাজার ৫৬৪ জনের।

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হল ৩৫ জনের। এর মধ্যে কলকাতা ও হাওড়ায় মারা গিয়েছেন ৭ জন করে রোগী। উত্তর ২৪ পরগনায় ৬ জন ও হুগলিতে ৪ জন। শনিবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ২০ হাজার ৩১৩ জন।

Coronavirus in West Bengal Covid Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy