Advertisement
E-Paper

টুকরো খবর

জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী তরুণ মণ্ডলকে সোমবার ধাক্কা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে ক্যানিং ২ ব্লকের বিডিও তথা এআরও সিরাজ ইব্রাহিম লাখানি ও জীবনতলা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই জানান, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০১:১১

এসইউসি প্রার্থীকে হেনস্থার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী তরুণ মণ্ডলকে সোমবার ধাক্কা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে ক্যানিং ২ ব্লকের বিডিও তথা এআরও সিরাজ ইব্রাহিম লাখানি ও জীবনতলা থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই জানান, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দিন সকাল সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলার দেউলি বাজারে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী তরুণ মণ্ডল। অভিযোগ, সেই সময়ে এক দল তৃণমূল কর্মী সমর্থক এসে মিছিল করা যাবে না বলে তাঁকে হুমকি দেয়। গালাগালি করে তাকে ধাক্কা দেয় বলেও অভিযোগ। তরুণবাবু বলেন, “এ দিন সকালে জীবনতলা বাজারে নির্বাচনী প্রচার শেষ করে দেউলিবাজারে প্রচারে গিয়েছিলাম। সেই সময়ে এক দল তৃণমূল কর্মী-সমর্থক হঠাৎ করে আমার সামনে চলে আসে। হুমকি দিয়ে বলে, ওখানে প্রচার করা যাবে না। আমি জোর করে মিছিল নিয়ে গেলে আমাকে ধাক্কাও দেয়।” তবে ক্যানিং ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সওকত মোল্লা বলেন, “এই ধরনের কোনও ঘটনার সঙ্গে আমাদের দল যুক্ত নয়। গত লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট করে উনি জয়ী হয়েছিলেন। তার পর থেকে এলাকায় আসেননি। কোনও কাজ করেননি। তাই স্থানীয় লোকজন ওঁর সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।” বিডিও সিরাজ ইব্রাহিম লাখানি বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি জেলাস্তরে জানাব।”

Advertisement

বধূকে খুন করে লুঠ

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

বারবার ফোন করেও স্ত্রী-র সাড়া মিলছিল না। শেষে বিবাহিতা মেয়েকে ফোন করে বলেন মায়ের খোঁজ নিতে। মেয়ে গিয়ে দেখেন, মেঝেতে পড়ে রয়েছেন মা। মাথায় ও গলায় ধারালো অস্ত্রের ক্ষত। সোমবার চম্পাহাটির ঘটনা। পুলিশের সন্দেহ, লুঠ করতে এসে সবিতা দাস (৫৬) নামে ওই বধূকে খুন করে দুষ্কৃতীরা। দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) কঙ্করপ্রসাদ বারুই বলেই, “সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ জানায়, সবিতাদেবীর স্বামী সনৎ দাস বাড়ি ছিলেন না। সনৎবাবু বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত ফোনে পাইনি। শেষে মেয়ে মধুমিতাকে ফোনে বলি, খবর নিতে।” পুলিশ জানায়, সদর দরজা খোলা ছিল। আলমারিও খোলা ছিল। সেখান থেকেই টাকা সরানো হয় বলে অভিযোগ। তবে তালা ভাঙার প্রমাণ বা অস্ত্র মেলেনি। পুলিশের অনুমান, দুষ্কৃতীরা সবিতাদেবীর পরিচিত।

ভুয়ো পরিচয় দিয়ে ধৃত

নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

ঝাড়খণ্ডের মানবাধিকার কমিশনের ভাইস প্রেসিডেন্ট বলে ভুয়ো পরিচয় দিয়ে লালবাতির গাড়ি নিয়ে এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বাসন্তীর চুনাখালি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তানাজি চৌধুরী। বাড়ি বীরভূমের নলহাটিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত এক মাস ধরে বাসন্তী এলাকায় লালবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। রাস্তা দিয়ে যাওয়ার সময়ে কেউ ওই গাড়িকে পাশ না দিলে গাড়ি থেকে নেমে গ্রেফতারের হুমকিও দিচ্ছিল সে। সরকারি আধিকারিক ভেবে কেউ কোনও কথা বলতে সাহস করছিলেন না। এ দিন সন্ধ্যায় গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের গাড়িকে পাশ দেয়নি তার গাড়ি। উল্টে বিধায়ককেই ধমকাতে থাকে সে। বিধায়কের সন্দেহ হওয়ায় থানায় ফোন করা হয়। পুলিশ এসে তাঁর পরিচয় জানতে চাইলে একটি ভুয়ো পরিচয়পত্র দেয় তানাজি। তা দেখে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে ধরে। পুলিশের দাবি, জেরায় ধৃত দোষ কবুল করেছে। ধৃতের দাবি, অসৎ উদ্দেশ্য নিয়ে এমন কাজ করেনি সে। এলাকায় ঘুরে দুঃস্থ লোকজনকে সাহায্য করাই তার উদ্দেশ্য ছিল।

ধর্ষণের নালিশ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • গোসাবা

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে সুন্দরবন কোস্টাল থানার ৯ নম্বর কালিদাসপুরের ঘটনা। মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে নিতাই মিস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, ওই সন্ধ্যায় বাড়ির অদূরে হরিনাম শুনতে গিয়েছিলেন মহিলা। তার পরে কাউকে কিছু না জানিয়ে বাড়ি যাবেন বলে উঠে যান। অভিযোগ, সেই সময়ে নিতাই তাঁকে ভুলিয়ে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। নাতনিকে ধর্ষণ, ধৃত প্রৌঢ়। তিন বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ। সোমবার বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের অরবিন্দ রোডের ঘটনা। পুলিশ জানায়, প্রৌঢ়ের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন। এ দিন ভোরে স্ত্রী ও পুত্রবধূ রান্নাঘরে কাজ করছিলেন। নাতনি দাদুর কাছে ছিল। পুলিশের কাছে অভিযোগে ওই শিশুটির মা জানান, মেয়ের কান্না শুনে তিনি ঘরে গিয়ে দেখেন, শ্বশুর তার উপরে অত্যাচার চালাচ্ছে। অভিযোগ পেয়ে পুলিশ দাদুকে গ্রেফতার করে।

কুশাঙ্কুরের অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা • হরিপাল

সম্প্রতি হরিপালের বন্দিপুরে কুশাঙ্কুর আর্ট অ্যান্ড কালচারের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণিজন সংবর্ধনা হয়ে গেল। বন্দিপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের স্থায়ী মঞ্চে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি অবনীন্দ্রনাথ ঠাকুরের পৌত্র অমিতেন্দ্রনাথ ঠাকুর-সহ অন্যদের সংবর্ধনা দেওয়া হয়। কুশাঙ্কুরের শিক্ষার্থীরা মঞ্চে দাঁড়িয়ে তুলির টানে অবনীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত রবিশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, ঋ তুপর্ণ ঘোষ, মান্না দে’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে। অঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ছিল ম্যাজিক শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না-সহ বহু বিশিষ্টজন। পঁচাত্তর বছর পূর্তি ক্লাবের। সম্প্রতি হরিপালের দীপা ফ্রেন্ডস ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদ্যাপিত হল। বিশেষ বছরটি স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি নেওয়া হয়েছিল। বর্ষব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট মানুষ।

সহযাত্রী। ব্যারাকপুরে ট্রেনে প্রচার আপ
প্রার্থী মিহির বিশ্বাসের। ছবি: সজল চট্টোপাধ্যায়।

বক্সার। হাওড়ার শিবপুরে ছোটদের সঙ্গে
জর্জ বেকার। ছবি: দীপঙ্কর মজুমদার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy