Advertisement
E-Paper

টুকরো খবর

বাংলাদেশি নাগরিককে এ দেশের ‘রেসিডেন্সিয়াল সার্টিফিকেট’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর হামিদা বেগম বনগাঁ আদালতের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার হাজির হলে বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেন। আদালত ও পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের যশোহর কোতোয়ালি থানার বকচর গ্রামের বাসিন্দা শাহ আলম ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বেআইনি ভাবে এ দেশে ঢোকার অপরাধে পুলিশের হাতে ধরা পড়ে।

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৪ ০০:৫৮

বাংলাদেশিকে ‘রেসিডেন্সিয়াল সার্টিফিকেট’, অভিযুক্ত তৃণমূল পুরপিতা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

বাংলাদেশি নাগরিককে এ দেশের ‘রেসিডেন্সিয়াল সার্টিফিকেট’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর হামিদা বেগম বনগাঁ আদালতের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার হাজির হলে বিচারক পাঁচ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দেন। আদালত ও পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের যশোহর কোতোয়ালি থানার বকচর গ্রামের বাসিন্দা শাহ আলম ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বেআইনি ভাবে এ দেশে ঢোকার অপরাধে পুলিশের হাতে ধরা পড়ে। সেই সময় আদালতে সে বারাসত থানার চণ্ডীগড় এলাকার বাসিন্দা বলে ‘রেসিডেন্সিয়াল সাটির্ফিকেট’ জমা দেয়। তাতে কাউন্সিলর হামিদা বেগমের স্বাক্ষর ছিল। হামিদা বলেন, “স্থানীয় লুত্‌ফর রহমান নামে এক ব্যক্তি আমাকে একটি চিঠি লিখে শাহ অলমকে তাঁর আত্নীয় বলে পরিচয় দেন। তখন আমি অন্য কাজে ব্যস্ত থাকায় লুত্‌ফরই আমার সই করা প্যাডে সার্টিফিকেট লিখে নেয়।” এ ব্যাপারে পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ বলেন, “রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি রেশন কার্ড দেখিয়ে নেওয়া হয়েছিল বলে শুনেছি। রেশনকার্ডটি জাল ছিল কি না সেটা জনপ্রতিনিধিদের পক্ষে বোঝা সম্ভব নয়। ওই কাউন্সিলার নির্দোষ।” ধৃত শাহ আলম অবশ্য পুলিশকে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশে। এ দিন বিচারক তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।


নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

এক নাবালিকার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাট ঘটেছে গাইঘাটা থানার শ্রীপুর এলাকায় বুধবার রাতে। নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়ছে অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তাঁদের বাড়ি মাটিকুমড়া এলাকায়। বুধবার সন্ধ্যা ৭টা থেকে তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০টা নাগাদ মেয়েকে বাড়ির কাছে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তিনি। মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারেন নাইগাছি এলাকার দুই যুবক তন্ময় বালা ও প্রসেনজিত মণ্ডল তাকে শ্রীপুরে একটি দোকানের পিছনে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে। পুলিশ জানিয়েছে, জেরায় ওই নাবালিকা জানিয়েছে, তন্ময়ের সঙ্গে তার পরিচয় মাস দুয়েক আগে। বুধবার সন্ধ্যায় তন্ময় তাকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। তারপর তারা সাইকেলে শ্রীপুর বাজারে যায়। দোকান থেকে তাকে একটা ক্যাডবেরি কিনে খাওয়ায় তন্ময়। একটু পরে সেখানে বাইকে করে আসে প্রসেনজিত। তারপর তারা তাকে একটা দোকানের পিছনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। পরে তন্ময়ই তাকে বাড়ির কাছে পৌঁছে দেয়। বৃহস্পতিবার বনগাঁ আদালতে গোপন জবানবন্দিও গিয়েছে ওই নাবালিকা।

সুজনের প্রচার রুখতে হুমকি

নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

সিপিএম প্রার্থী প্রচারে আসবেন, তাই হুমকি দিয়ে জোর করে বাজার বন্ধ রেখেছে তৃণমূল, অভিযোগ উঠল ভাঙড়ের বামনঘাটায়। বৃহস্পতিবার সকালে ক্যানিংয়ের বামনঘাটা বাজারে প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। গিয়ে দেখেন সব দোকান বন্ধ। তিনি কারণ জানতে চাইলে উত্তর মেলে, আগের রাতেই মাইকে প্রচারে বাজার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিষয়টি জেলা নির্বাচন আধিকারিককে জানান সুজনবাবু। তাঁর কথায়, “তৃণমূল ভয় পেয়ে আমাদের প্রচার ভেস্তে দিতে চাইছে। আমি বার বার এই বাজারে আসব। দেখি, কত দিন ওরা মানুষকে আটকে রাখতে পারে।” যদিও ভাঙড় ২ ব্লকের তৃণমূল সভাপতি ওহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেছেন, “এই ঘটনায় আমাদের দল যুক্ত নয়। নববর্ষের আগে ব্যবসায়ীরা এক দিন বাজার বন্ধ রেখে সারা বছরের হিসাব-নিকাশ করেন। তার জন্যই বাজার বন্ধ রাখা হয়েছে।” তবে এলাকার বেশ কিছু ব্যবসায়ীর দাবি, আগে কোনও বার বাজার পুরোপুরি বন্ধ থাকেনি। তৃণমূল নেতৃত্ব মাইকে প্রচার করে বাজার বন্ধ রাখার নির্দেশ দেন। মাল নিয়ে এসে ফিরে গিয়েছেন অনেকেই।

দুর্ঘটনায় মৃত্যু দুই ব্যবসায়ীর

নিজস্ব সংবাদদাতা • আরামবাগ

বৃহস্পতিবার ভোরে আরামবাগের বলরামপুরে লরির সঙ্গে একটি মোটরচালিত ভ্যানের ধাক্কায় ভ্যান আরোহী দুই সব্জি ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। আরও দুই ব্যবসায়ী গুরুতর জখম। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, মৃতদের নাম সুবোধ দাস (৪৬) এবং রাজকুমার দাস (৩৫)। দু’জনেরই বাড়ি বর্ধমানের মাধবডিহি থানার পাঁইঠা গ্রামে। একই গ্রামের বাসিন্দা জখম শোভন পোড়েল এবং সুব্রত পোড়েলকে পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগ লাগোয়া বর্ধমানের পাঁইঠা গ্রামের ৪ সব্জি ব্যবসায়ী এ দিন ভোরে মোটর ভ্যানে পুড়শুড়ার সোদপুর যাচ্ছিলেন। বলরামপুর বাসস্ট্যান্ডের কাছে আরামবাগমুখি একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ভ্যানে। লরিটি আটক করেছে পুলিশ।

জাল নোট, কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

পাঁচশ টাকার ৮০টি জাল নোট পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিআইডি। প্রশান্ত সরকার নামে সেই পাচারকারীকে বুধবার ৫ বছরের কারাদন্ডের নির্দেশ দিলেন বারাসত আদালতের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক তপন মন্ডল। ২০১১ সালের ২৯ মার্চ অশোকনগর থানার হাটখোলা থেকে ৪০ হাজার টাকার জাল নোট সহ ধরা পড়ে প্রশান্ত।

বেআইনি পোস্টার, অভিযুক্ত বিজেপি

বিনা অনুমতিতে নির্বাচনী পোস্টার-ফেস্টুন সাঁটার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আরামবাগের ভাটার মোড়ের কিছু ব্যবসায়ী বুধবার রাতে এই অভিযোগে পুলিশের দ্বারস্থ হন। স্থানীয় বিজেপি নেতৃত্ব অবশ্য জানিয়েছেন, অনুমতি নিয়েই পোস্টার-ফেস্টুন টাঙানো হয়েছে। তৃণমূলের লোকজন ব্যবসায়ীদের হুমকি দেওয়াতেই তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

প্রচারের ফাঁকে সস্ত্রীক গলা ভিজিয়ে নিচ্ছেন হুগলির কংগ্রেস প্রার্থী প্রীতম ঘোষ (বাঁ দিকে)।
প্রচারে বেরোনোর আগে প্রাতরাশ সেরে নিচ্ছেন উলুবেড়িয়ার তৃণমূল প্রার্থী সুলতান আহমেদ।—নিজস্ব চিত্র।

চৈত্রের কুয়াশা। ডায়মন্ড হারবারে দেশকল্যাণ চৌধুরীর তোলা ছবি।

চারমূর্তি। সবিস্তার...

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy