যুদ্ধবিধ্বস্ত গাজ়ার পুনর্গঠনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গড়া শান্তি পরিষদ (বোর্ড অফ পিস)-এর সদস্যেরা প্রথম বৈঠক করল। বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, ন’টি সদস্যরাষ্ট্র— কাজ়াখস্তান, আজ়ারবাইজান, সংযুক্ত আরব আমিরশাহি, মরক্কো, বাহরিন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান এবং কুয়েতের তরফে বিধ্বস্ত প্যালেস্টাইনি মোট ৭০০ কোটি ডলার (প্রায় ৬৩৭৪১ কোটি টাকা) অর্থসাহায্য দেওয়া হয়েছে।
সদস্য এবং পর্যবেক্ষক রাষ্ট্র মিলিয়ে বৃহস্পতিবার ওয়াশিংটনে ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকে মোট ৪৭টি দেশের প্রতিনিধিরা হাজির ছিলেন। পর্যবেক্ষক রাষ্ট্র ভারতের প্রতিনিধি হিসাবে ছিলেন আমেরিকায় নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এনসি খাম্পা। বৈঠকে ট্রাম্প আবার ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী ভারত-পাকিস্তান সামরিক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের নাম করে তাঁর মন্তব্য, ‘‘তিনি (পাকিস্তানি প্রধানমন্ত্রী) আমাদের চিফ অফ স্টাফের সামনে বলেছিলেন যে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের এবং ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করে আড়াই কোটি জীবন বাঁচিয়েছেন’।’’ তাঁর ২০০ শতাংশ শুল্ক-হুমকিতে নয়াদিল্লি-ইসলামাবাদ-নিরস্ত হয়েছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সেই সঙ্গে ট্রাম্পের নতুন দাবি, সিঁদুর-অভিযানপর্বে ভারত-পাক সংঘাতে ১১টি দামি সামরিক বিমান ধ্বংস হয়েছিল! ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে টানা পরিণত হয়েছে গাজ়া। এই পরিস্থিতিতে গাজ়ার পুনর্গঠনের জন্য ট্রাম্পের উদ্যোগেই গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে বোর্ড অফ পিস-এর সূচনা হয়েছিল। আমেরিকার তরফে ভারত-সহ প্রায় ৬০টি দেশকে এই শান্তিগোষ্ঠীতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হলেও সেই আহ্বানে বেশ কিছু দেশ এখনও সাড়া দেয়নি। বোর্ডের সদস্য হিসাবে হিসাবে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েও সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। কারণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এই দুই রাষ্ট্রনেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্যালেস্টাইন বোর্ডে আমন্ত্রণ না পাওয়াতেও প্রশ্ন উঠেছিল। এই আবহে বৃহস্পতিবার বোর্ডের প্রথম বৈঠকে ট্রাম্পের দাবি, বৃহৎ আন্তর্জাতিক পদক্ষেপের সূচনা হল বৃহস্পতিবার।