ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা-সহ সাত দফা দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তুলে ধরার লক্ষ্যে ১০ লক্ষ সই সংগ্রহের কর্মসূচি নিয়েছে এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার। একাদশ-দ্বাদশে সিমেস্টার প্রথা, স্কুল বন্ধের প্রক্রিয়া, চার বছরের ডিগ্রি কোর্স, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং প্রথম শ্রেণি থেকে পাস-ফেল চালু, সব শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিও তুলেছে ডিএসও। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এ দিন বলেছেন, “১ সেপ্টেম্বর কলকাতায় ছাত্র সমাবেশ, মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিল করে সই-সম্বলিত দাবিপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে। রাজ্য ও কেন্দ্র সরকার যাতে সরকারি শিক্ষা-ব্যবস্থা বাঁচাতে বাধ্য হয়, সে জন্য পথের আন্দোলনই একমাত্র বিকল্প।” পাশাপাশি, ভোটের ফলপ্রকাশের পরে এক মাস অতিক্রান্ত হয়ে গেলেও, এখনও কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য নানা প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলি ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে এবং দ্রুত পড়াশোনা শুরুর দাবিতে রাজ্যের মুখ্যসচিবকে লিখিত আবেদন করেছে ডিএসও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)