Advertisement
E-Paper

হারানো মোবাইল ফিরে পেলেন ওঁরা! ৫২ জনের মুখে হাসি ফোটাল দমদম জিআরপি, হল বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষাও

মঙ্গলবার দমদম জিআরপি থানার আইসি সঞ্জীব দাসের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় মালিকদের হাতে। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি সকলেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ২৩:১৪
হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রৌঢ়ের হাতে তুলে দেওয়া হচ্ছে দমদম জিআরপি থানা থেকে।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রৌঢ়ের হাতে তুলে দেওয়া হচ্ছে দমদম জিআরপি থানা থেকে। — নিজস্ব চিত্র।

কয়েকটি হারিয়ে গিয়েছিল। কয়েকটি আবার চুরি হয়ে গিয়েছিল। এমন ৫২টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল দমদমের জিআরপি থানা। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকেরাও। তরুণ থেকে প্রৌঢ়, মোবাইল ফিরে পেয়ে সকলেরই মুখে ফুটল হাসি। একই সঙ্গে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরও।

ভিড় ট্রেনে অনেক সময়েই পকেট থেকে মোবাইল তুলে নেওয়ার অভিযোগ ওঠে। কখনও আবার অসাবধানতার কারণেও মোবাইল হারিয়ে ফেলেন অনেকে। কখনও ট্রেনে, কখনও আবার স্টেশন চত্বরে। এ সব ক্ষেত্রে ভরসা একটাই। স্থানীয় জিআরপি থানা। দমদম জিআরপি থানাতেও এমন বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগগুলির প্রেক্ষিতে ৫২টি মোবাইল উদ্ধার করে সেগুলির মালিকদের সঙ্গে যোগাযোগ করে দমদম জিআরপি। থানার আইসি সঞ্জীব দাসের উদ্যোগে মঙ্গলবার ওই উদ্ধার হওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয় তাঁদের হাতে।

এ বিষয়ে দমদম জিআরপি থানার আইসি বলেন, “প্রত্যেক মাসেই শিয়ালদহ জিআরপি-র তরফে এমন আয়োজন করা হয়। যে মোবাইলগুলি হারিয়ে যায় বা চুরি যায়, সেগুলিকে ট্র্যাকিং-এর মাধ্যমে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়।” মঙ্গলবার দমদম জিআরপি থানার এই উদ্যোগে উপস্থিত ছিলেন এসআরপি শিয়ালদহ দেবর্ষি দত্ত এবং ডিএসপি (হেডকোয়ার্টারস) অরূপ রায়চৌধুরীও।

হারিয়ে যাওয়া মোবাইল ফেরানোর পাশাপাশি মঙ্গলবার একটি বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবিরেরও আয়োজন করে দমদম জিআরপি। ব্যারাকপুরের এক হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন করে দমদম জিআরপি থানা। আইসি সঞ্জীব জানান, এই স্বাস্থ্যপরীক্ষা শিবির থেকে ৬২ জন উপকৃত হয়েছেন।

dumdum GRP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy