E-Paper

নোংরা তকমা ঘোচাতে বিভিন্ন স্টেশনে অভিযান, সাফ ৩০০ টন জঞ্জাল

উদ্ধার হওয়া জমিতে গাছ লাগিয়ে বাগান তৈরির প্রক্রিয়া চলছে শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে। যদিও রেলের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, নিত্যযাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরা সচেতন না হলে আখেরে লাভ কিছুই হবে না।

ফিরোজ ইসলাম 

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৭:৩৯

—প্রতীকী চিত্র।

বছরের পর বছর ধরে ‘নোংরা’ তকমা পাওয়া স্টেশনকে পরিচ্ছন্ন করতে তৎপর হল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের কিছু স্টেশন, যেমন সন্তোষপুর, বাঘা যতীন, পার্ক সার্কাস, বিধাননগর রোড, সোদপুর যাত্রীদের ভিড়ে দিনভর ব্যস্ত থাকে। নাকে রুমাল চেপে, আবর্জনার স্তূপ এড়িয়ে যাত্রীদের পৌঁছতে হয় প্ল্যাটফর্মে। এই প্রবণতা বদলাতে গত ১৫ ফেব্রুয়ারি থেকে টানা ১৫ দিন অভিযান চলে। তাতে বাছাই করা সাতটি স্টেশন থেকে ৩০০ টন বর্জ্য সরিয়ে ৫০ হাজার বর্গমিটার জমি উদ্ধার করা গিয়েছে বলে দাবি রেলের।

উদ্ধার হওয়া জমিতে গাছ লাগিয়ে বাগান তৈরির প্রক্রিয়া চলছে শিয়ালদহ-বজবজ শাখার সন্তোষপুর স্টেশনে। যদিও রেলের আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, নিত্যযাত্রী এবং স্থানীয় ব্যবসায়ীরা সচেতন না হলে আখেরে লাভ কিছুই হবে না।

রেল সূত্রের খবর, ঘন বসতিপূর্ণ এলাকা অথবা বাজার ঘেঁষা একাধিক স্টেশন উদ্বেগ বাড়াচ্ছে আধিকারিকদের। ওই সব স্টেশন লাগোয়া অংশে জমে ওঠা আবর্জনার পাহাড় যেমন পরিবেশ দূষিত করছে, তেমনই বাড়াচ্ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি। সন্তোষপুর, বাঘা যতীন, লেক গার্ডেন্স, পার্ক সার্কাস, বিধাননগর রোড, সোদপুর, পাতিপুকুর-সহ একাধিক স্টেশন রয়েছে এই তালিকায়।

গত কয়েক বছরে সন্তোষপুর, বজবজ, বাঘা যতীন, ঢাকুরিয়া, পার্ক সার্কাস-সহ একাধিক স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ওই সব স্টেশনের রেললাইনে বর্জ্য ফেলায় ট্র্যাক এবং সিগন্যালিং ব্যবস্থার ক্ষতি হচ্ছে। কংক্রিটের স্লিপারের মাঝে জমে থাকা আবর্জনার কারণে ঘন ঘন পাথর পরিষ্কার করতে হচ্ছে। লাইনের বিভিন্ন পয়েন্টের ফাঁকে তোবড়ানো বোতল-সহ প্লাস্টিক ঢুকে বিপত্তি বাড়াচ্ছে।

এই সব সমস্যা সামাল দিতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনার নির্দেশে বজবজ শাখার সন্তোষপুর, লেক গার্ডেন্স, সোনারপুর শাখার বাঘা যতীন, ডায়মন্ড হারবার শাখার মগরাহাট, মেন শাখার বিধাননগর রোড এবং সোদপুর, চক্ররেলের পাতিপুকুর স্টেশনে সম্প্রতি ওই অভিযান চলে। রাজীব বলেন, ‘‘কোনও জায়গা নোংরা থাকলে সেখানে ময়লা ফেলার প্রবণতা বাড়ে। তাই যে সব স্টেশনে ওই সমস্যা রয়েছে, সেগুলি পরিষ্কারে জোর দেওয়া হচ্ছে। এর পরে সেখানে বাগান তৈরি করে দীর্ঘ সময় পরিচ্ছন্ন রাখতে বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। তার পরেও আবর্জনা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’’ উল্লেখ্য, স্টেশন নোংরা করায় জরিমানা আদায়ে পূর্ব রেলে কড়াকড়ি বেড়েছে। গত ফেব্রুয়ারিতে শিয়ালদহ ডিভিশনে আচমকা অভিযান চালিয়ে এক দিনে ৫০৬ জনকে জরিমানা করা হয়। রেল আয় করে এক লক্ষ আট হাজার টাকা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Railway Stations Eastern Railways

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy