Advertisement
E-Paper

পার্থের নাকতলার বাড়িতে ইডি! সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, ছেলেকে ইডি দফতরে পাঠালেন সুজিত

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে তারা পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। নিয়োগ মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১০:৫৬
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। ভোটের আগে শিক্ষক নিয়োগের মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতি বারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই এ বার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দফতরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত ‘মিডলম্যান’ এই প্রসন্ন। তাঁর বাড়িতেও ইডি গিয়েছে বলে খবর।

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি। শনিবার।

পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি। শনিবার। —নিজস্ব চিত্র।

নাকতলার বাড়ি থেকেই ২০২২ সালে নিয়োগ মামলায় পার্থকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছোয়। সূত্রের খবর, এসএসসি মামলায় পার্থকে বার বার তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু পার্থ জানিয়েছিলেন, তিনি অসুস্থ। প্রয়োজনে ইডি ভিডিয়ো কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে। বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করা যাবে বলে ইডিকে জানিয়েছিলেন পার্থ। মনে করা হচ্ছে, তার পরেই নাকতলায় হানা দিল ইডি।

নাকতলায় পার্থের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তিনটি গাড়িতে পৌঁছেছে ইডির দল। বাড়ি ঘিরে ফেলেছেন জওয়ানেরা। ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, পার্থ বাড়িতেই আছেন। কেন ভোটের মুখে নিয়োগ মামলায় ফের সক্রিয় হয়ে উঠেছে ইডি, স্পষ্ট নয়। ‘মিডলম্যান’ প্রসন্ন পার্থের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তাঁকেও গ্রেফতার করা হয়েছিল।

Advertisement

নিয়োগ মামলায় তিন বছরেরও বেশি সময় জেল খেটেছেন পার্থ। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। ইডির একাধিক চার্জশিটে পার্থ, প্রসন্নের নাম রয়েছে। এই সংক্রান্ত মামলায় পার্থের নাম জড়ানোর পর তৃণমূল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করে। তাঁকে দল থেকেও সরিয়ে দেওয়া হয়। খাতায়কলমে পার্থ এখনও বেহালা পশ্চিমের বিধায়ক। তবে এ বার আর ওই কেন্দ্র থেকে তাঁকে টিকিট দেয়নি তৃণমূল। বরং বেহালা পশ্চিমে লড়ছেন রত্না চট্টোপাধ্যায়।

গত কয়েক দিন ধরেই কলকাতায় ইডি সক্রিয়। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে একাধিক বার রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং রথীন ঘোষকে তলব করা হয়েছে। তবে তাঁরা এখনও হাজিরা দেননি। জমি সংক্রান্ত মামলায় শহরের কিছু ব্যবসায়ীর বাড়িতেও ইডি হানা দিয়েছে। সূত্রের খবর, ভোটের আগে বেআইনি আর্থিক লেনদেন ঠেকাতে চায় কেন্দ্রীয় সংস্থা। তার জন্যই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। এ বার তাদের নজরে ফের পার্থ।

অন্য দিকে, সুজিত বসুকেও তলব করেছিল ইডি। শনিবার ইডি দফতরে যান সুজিত-পুত্র সমুদ্র। কিন্তু ইডি সূত্রে খবর, সমুদ্রের কাছে অনুমোদনপত্র না-থাকায় তাঁর বক্তব্য গ্রাহ্য করা হয়নি। জানা গিয়েছে, সুজিত অসুস্থ বলে আসতে পারেননি।

Partha Chatterjee ED
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy