এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় এ বার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁদের দু’জনকে কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। চলতি মাসেই এই মামলার তদন্তে তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে।
এর আগে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন যুবনেতা কুন্তলকে গ্রেফতার করেছিল ইডি এবং সিবিআই। এখন তিনি জামিনে মুক্ত রয়েছেন। অন্য দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় আগেও মণীশকে তলব করেছিল সিবিআই। তার পর সিবিআই দফতরে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তিনি। এ বার এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তলব করা হল কুন্তল এবং মণীশকে।
আরও পড়ুন:
গত সপ্তাহেই জানা গিয়েছিল যে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সক্রিয় হয়েছে ইডি। ইডির সূত্র মারফত জানা যায়, মার্চের ১৬ এবং ১৮ তারিখ তলব করা হয়েছে পার্থ এবং অর্পিতাকে। ওই সূত্র মারফত এ-ও জানা যায় যে, কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।