পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভান্ডারের’ ধাঁচে পঞ্জাবেও মহিলাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার প্রকল্প চালু করছে সে রাজ্যের আপ সরকার। আর তা নিয়েই পঞ্জাবের শাসকদল আপ এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। দু’পক্ষই একে অপরকে ‘নারীবিরোধী’ বলে তোপ দেগেছে।
গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন পঞ্জাবের আপ সরকার মহিলাদের মাসে নগদ অর্থ তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এই প্রকল্প চালু হলে পঞ্জাবের মহিলারা মাসে ১০০০ টাকা পাবেন। তফসিলি জাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১৫০০ টাকা। চার বছর আগে পঞ্জাবে বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল অরবিন্দ কেজরীওয়ালের দল।
আরও পড়ুন:
পঞ্জাবের বিরোধী দল কংগ্রেসের প্রশ্ন, চার বছর আগে দেওয়া প্রতিশ্রুতি এখন কেন কার্যকর করতে চাইছে আপ? এই প্রকল্পের জন্য অর্থ কী ভাবে আসবে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে অবশ্য বিতর্ক সম্পূর্ণ অন্য দিকে মোড় নেয়। বিতর্কে জড়িয়ে পড়েন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
সমাজমাধ্যমের একটি পোস্টে আপ সরকারের এই প্রকল্পের সমালোচনা করে কংগ্রেস বিধায়ক সুখপাল সিংহ খইরা লেখেন, “১০০০ টাকা পাওয়ার ঘোষণা শুনেই মহিলারা নাচতে শুরু করেছেন। এরা কী করে পঞ্জাবের ঐতিহ্য এবং ইতিহাসে অবদান রাখবে?” বিষয়টি নিয়ে মঙ্গলবার সরগরম হয় পঞ্জাবের বিধানসভা। বিতর্কের মুখে পাল্টা আপ-কে তোপ দাগেন কংগ্রেস বিধায়কেরা। সুখপাল সরাসরি মুখ্যমন্ত্রী মানের বিরুদ্ধে নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ তোলেন।
৮ মার্চ পঞ্জাবের লুধিয়ানায় নারী দিবসের অনুষ্ঠানে কলেজজীবনের এক ঘটনা তুলে ধরেন মান। কংগ্রেসের অভিযোগ, ওই অনুষ্ঠানে মান মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন।