কয়লা পাচার মামলায় ফের সক্রিয় ইডি। বুধবার পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ফের হানা দিলেন তদন্তকারীরা। তবে বাড়িতে কারও দেখা মেলেনি। শুক্রবার মনোরঞ্জনকে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দরজায় নোটিস সাঁটিয়ে ফিরে আসতে হয় ইডির আধিকারিকদের।
ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক বার মনোরঞ্জনকে তলব করা হয়েছিল। কিন্তু প্রতি বারই তিনি হাজিরা এড়িয়ে যান। তাঁকে ফের হাজিরা দিতে বলার জন্যই বুধবার সকালে ওই পুলিশকর্মীর বাড়িতে গিয়েছিলেন তদন্তকারীরা। হাজিরার নতুন তারিখ সংবলিত নোটিস সাঁটিয়ে ফিরে আসেন তাঁরা। গত ৩ জানুয়ারি কয়লা পাচার মামলার তদন্তেই মনোরঞ্জনের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
মনোরঞ্জন এক সময় জেলার বারাবনি থানার ওসি ছিলেন। সেই সময়েও তাঁর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। তার পর তাঁকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করা হয়। ডিসেম্বর মাসের শেষ দিকে কমিশনারেটের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, মনোর়ঞ্জনকে বুদবুদ থানার ওসি করা হচ্ছে। কিন্তু ওই পদে দায়িত্ব নেওয়ার আগেই তাঁর বাড়িতে হানা দেয় ইডি। এখন মনোরঞ্জনকে পুনরায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশ্যাল ব্রাঞ্চে বদলি করা হয়েছে।
ইডি সূত্রে খবর, মনোর়ঞ্জনকে খুঁজে পাচ্ছেন না তদন্তকারীরা। তলবের নোটিস পাঠালেও তার উত্তর মিলছে না। অন্য দিকে, পুলিশ সূত্রে খবর, তিনি ছুটিতে রয়েছেন। এই পরিস্থিতিতে বুধবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার বেঙ্গল অম্বুজার ১৬ নম্বর স্ট্রিটে মনোরঞ্জনের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। তাঁর বাড়ির দরজায় নোটিস লাগিয়ে দেওয়া হয়।