E-Paper

নিষ্পত্তির অপেক্ষায় একুশের হিংসা মামলা

২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০
কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দুু’-এক বছর নয়, প্রায় পাঁচ বছর কাটতে বসেছে। কিন্তু গত বিধানসভা ভোটের পরে রাজ্যের নানা প্রান্তে হিংসার ঘটনা নিয়ে যে মামলা দায়ের হয়েছিল, তার এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি কলকাতা হাই কোর্টে। আসন্ন ভোটের আগে এই মামলার পুরোপুরি নিষ্পত্তি হবে কি না, তা নিয়েও অনেকের মনে প্রশ্ন উঠেছে। কারণ, ওই মামলার জন্য হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রাজেশ বিন্দল পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন। কিছু মামলার তদন্ত সিবিআইকে হস্তান্তর, ঘরছাড়াদের ফেরানো, ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল সেই বেঞ্চ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বেঞ্চের কোনও বিচারপতি বর্তমানে কলকাতা হাই কোর্টে নেই। তা হলে এই মামলার শুনানি কোথায় হবে?

প্রসঙ্গত, শুক্রবারই এই মামলার বিষয়টি সামনে এসেছিল। বর্তমান প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের মামলার তালিকায় ভোট-পরবর্তী হিংসার কয়েকটি মামলা ছিল। মামলাকারীদের আইনজীবী শুনানির আর্জি জানালে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, পাঁচ বিচারপতির বেঞ্চে যে মামলার শুনানি হয়েছে, নির্দেশ হয়েছে সেই মামলা কোনও নির্দেশ ছাড়া বর্তমান প্রধান বিচারপতির কাছে এল কী ভাবে? এ ব্যাপারে হাই কোর্ট প্রশাসনের (রেজিস্ট্রি) কাছেও জানতে চেয়েছেন প্রধান বিচারপতি। এই মামলার শুনানি নিয়ে মামলাকারী সব পক্ষের আইনজীবীদের কাছেও পরামর্শ চেয়েছেন তিনি।

২০২১ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল, পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়। পরিস্থিতি এমনই ঘোরতর ছিল যে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টন্ডন, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সুব্রত তালুকদার ছিলেন। বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছিল, খুন, ধর্ষণের মতো গুরুতর মামলার তদন্ত করবে সিবিআই। মারধর এবং হুমকির মতো ঘটনার তদন্ত করবে কোর্টের নির্দেশে গঠিত রাজ্য পুলিশের বিশেষ দল। ঘরছাড়াদের কোর্টের নজরদারিতে বাড়িতে ফেরানোর নির্দেশও হয়েছিল। হিংসার শিকার হওয়া মানুষদের ক্ষতিপূরণেরও নির্দেশও দেওয়া হয়েছিল। সেই সব মামলার এখনও নিষ্পত্তি হয়নি বলেই খবর। পরবর্তী কালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দল, বিচারপতি মুখোপাধ্যায়, বিচারপতি তালুকদার অবসর নেন। অন্য হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হন বিচারপতি টন্ডন এবং বিচারপতি সেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Calcutta High Court Post Poll Violence

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy