Advertisement
E-Paper

Coronavirus: প্রাক্তন বিধায়ক ও শান্তিপুর পুরসভার পুর প্রশাসক অজয় দে করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

দিন ১৫ আগে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি শান্তিপুর হাসপাতালে র‌্যাপিড টেস্ট করান। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২১ ১২:৪১
অজয় দে।

অজয় দে। ফাইল ছবি

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা শান্তিপুর পুরসভার বর্তমান পুর প্রশাসক অজয় দে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

নদীয়া শান্তিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দলের প্রায় ২৫ বছরের বিধায়ক ছিলেন তিনি। রাজ্যে তৃণমূল সরকার গঠন করার পর তিনি তৃণমূলে যোগদান করেন। এর পর বিধানসভার পুনর্নির্বাচনে তিনি আবার তৃণমূলের হয়ে জয়লাভ করেন। ২০১৬ বিধানসভা নির্বাচনে সিপিএমের প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের কাছে তিনি প্রথম পরাজিত হন। ২০২১ সালে তাঁকে তৃণমূল আবার প্রার্থী হিসেবে নির্বাচিত করে। কিন্তু এ বারের বিধানসভা ভোটেও বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে প্রায় ১৫ হাজার ভোটে তিনি পরাজিত হন।

দিন ১৫ আগে তাঁর শারীরিক অসুস্থতার কারণে তিনি শান্তিপুর হাসপাতালে র‌্যাপিড টেস্ট করান। সেখানেই তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। এর পর বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। দিন কয়েক আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

দিন কয়েক ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। শুক্রবার সকালে তিনি প্রয়াত হন। প্রবীণ এই নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

coronavirus COVID 19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy