আচমকাই কলকাতায় গঙ্গার বুকে নৌকাবিহারে বেরিয়ে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তাঁর কর্মসূচিতে ছিল না এই নৌকাবিহারের কথা। তাই অনেকে জানতেই পারেননি মোদী কলকাতার গঙ্গায় সকাল সকাল খানিক সময় কাটাবেন। তাঁকে গঙ্গার বুকে ঘোরাতে পেরে উচ্ছ্বসিত ওই নৌকার মাঝি গৌরাঙ্গ বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’’ মোদী যে নৌকায় উঠেছিলেন তার মালিক মহম্মদ ইফতিকার আহমেদ জানতেনই না তাঁর নৌকা কেন ভাড়া নেওয়া হচ্ছে। জানতে পারেন মোদীর নৌকাবিহার শুরুর পাঁচ মিনিট আগে। তিনি জানান, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, ‘‘সকলকে আন্তরিক ভাবে মিলেমিশে থাকতে হবে।’’
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের দিনই রাজ্যে চলে আসেন প্রধানমন্ত্রী। মথুরাপুর এবং কৃষ্ণনগরে জনসভা করেন তিনি। তার পর হাওড়ায় রোড শো করে চলে আসেন লোকভবনে। সেখানেই রাত্রিবাস করেন মোদী। শুক্রবার তাঁর জোড়া সভা রয়েছে। প্রথম সভা পানিহাটিতে। কিন্তু শুক্রবার মোদীর কর্মসূচি আচমকাই বদলে যায়। গঙ্গাবক্ষে এই নৌকাবিহার জানা যায় মোদীর সমাজমাধ্যমের পোস্ট থেকে। সেই পোস্টে একাধিক ছবি-ভিডিয়ো দিয়েছেন তিনি। জানান, এই সফরে নৌকার সওয়ারি এবং প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে। যে ছবিগুলি পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, নৌকায় বসে রয়েছেন প্রধানমন্ত্রী। পিছনে দেখা যাচ্ছে হাওড়া এবং বিদ্যাসাগর সেতু। এ-ও দেখা যাচ্ছে যে, চোখে রোদচশমা পরে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন প্রধানমন্ত্রী।
মোদীর নৌকার মাঝি গৌরাঙ্গ বলেন, ‘‘আমি তো অভিভূত। উনি নিজের ক্যামেরা নিয়েই নৌকায় উঠেছিলেন। আমাকে বলেছিলেন মাঝগঙ্গায় নৌকা নিয়ে যাওয়ার জন্য। আমি তাঁর নির্দেশেই নৌকা চালিয়েছি। নৌকায় ভ্রমণের সময় নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছিলেন তিনি।’’ নৌকায় সফরে মাঝে মাঝির নাম জানতে চান মোদী। এই নৌকাবিহারের কথা বলার সময় গৌরাঙ্গের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট ছিল। ঠোঁটের কোণে হাসি লেগে ছিল। তিনি বলেন, ‘‘আমি খুব খুশি উনি আমার নৌকায় উঠেছিলেন। আমি কল্পনাই করতে পারিনি। এখনও স্বপ্নের মতো মনে হচ্ছে।’’ নৌকাবিহারের পর গৌরাঙ্গকে বুকে জড়িয়ে ধরেন মোদী।
আরও পড়ুন:
ইফতিকারের অনেকগুলি নৌকা চলে গঙ্গায়। তার মধ্যে সাতটি নৌকা ভাড়া করা হয়েছিল মোদীর এই সফরের জন্য। তিনি বলেন, ‘‘সকালে একজন এসে আমাকে বলল সাতটি নৌকা লাগবে। আমি জিজ্ঞাসা করলাম, কোনও ভিআইপির জন্য কি? তখনও জানতাম না কেন আমার কাছে নৌকা ভাড়া নেওয়া হচ্ছে। আমাকে বলা হয়েছিল, তেমন কিছু নয়। আমি সাতটি নৌকার ব্যবস্থা করে দিয়েছিলাম।’’ মোদীর নৌকাবিহারের পাঁচ মিনিট আগে ইফতিকার জানতে পারেন তাঁর নৌকায় সওয়ার হবেন খোদ প্রধানমন্ত্রী। গঙ্গার ধারে প্রাতর্ভ্রমণ সেরে নৌকায় চাপেন মোদী। শেষে সকলকে সৌহার্দ্যের বার্তা দেন।