E-Paper

ডক্সিসাইক্লিনের নতুন পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সতর্কতা

‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-এর তরফে জানানো হয়েছে, ওই ওষুধের প্যাকেটে থাকা নির্দেশিকায় নতুন পার্শ্ব প্রতিক্রিয়াগুলির উল্লেখ বাধ্যতামূলক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২

—প্রতীকী চিত্র।

বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক ‘ডক্সিসাইক্লিন’ ব্যবহারে নতুন কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার সন্ধান পেয়েছেন বিশেষজ্ঞেরা। এর পরেই চিকিৎসক ও রোগীদের সতর্ক করতে প্রস্তুতকারী সংস্থাগুলির জন্য নির্দিষ্ট নির্দেশিকা জারি করেছে কেন্দ্র।

‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-এর তরফে জানানো হয়েছে, ওই ওষুধের প্যাকেটে থাকা নির্দেশিকায় নতুন পার্শ্ব প্রতিক্রিয়াগুলির উল্লেখ বাধ্যতামূলক। ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি যাতে অবশ্যই ওই নির্দেশ মেনে চলে, তার জন্য দেশের সমস্ত অঞ্চলের লাইসেন্সিং অথরিটিকে সম্প্রতি চিঠি পাঠিয়েছে ‘ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া’ (ডিসিজিআই)।

সূত্রের খবর, বিভিন্ন ওষুধের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য কেন্দ্রীয় কর্মসূচি গ্রহণ করা হয়। সেই মতো ‘ফার্মাকো–ভিজিল্যান্স প্রোগ্রাম অব ইন্ডিয়া’র ন্যাশনাল কোঅর্ডিনেশন সেন্টার এবং ‘ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন’ ডক্সিসাইক্লিনের বিভিন্ন ‘অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন’ (এডিআর) রিপোর্ট বিশ্লেষণ করে এই সুপারিশ করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নিউমোনিয়া, ম্যালেরিয়া প্রতিরোধ, যৌন রোগ, মূত্রনালির সংক্রমণ-সহ বিভিন্ন ব্যাক্টিরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ওই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, ডক্সিসাইক্লিনের ব্যবহারে খিটখিটে আচরণ, মাথা ঘোরা, অস্থিরতা, উদ্বেগের মতো কয়েকটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়ার সন্ধান মিলেছে। তাই ডক্সিসাইক্লিন বা তার কম্বিনেশনযুক্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে বলা হয়েছে, ওই অ্যান্টিবায়োটিকের প্যাকেটের ভিতরে থাকা নির্দেশিকা বা তথ্যপঞ্জিতে ওই পার্শ্বপ্রতিক্রিয়াগুলিকে ‘এডিআর’ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। সংস্থাগুলি তা মানছে কিনা, সেই দিকে রাজ্য স্তরের লাইসেন্সিং অথরিটিকেও নজরদারি বাড়াতে বলেছে ডিসিজিআই।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

medicine Side Effects Antibiotic

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy