Advertisement
E-Paper

হাওড়া থেকে পুরী যেতে লাগবে সাড়ে ছয় ঘণ্টা! শুক্রে বন্দে ভারতের ‘মহড়া-যাত্রা’, হতে পারে রবিতেও

বুধবার রাতেই বন্দে ভারতের একটি রেক হাওড়ায় এসেছে। ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসেছে ১৬ কামরার ওই রেকটি। শুক্রবার সকালে সেটিই পুরীর উদ্দেশে রওনা দেবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ১৯:৪৭
A photograph of Vande Bharat Express

বুধবার রাতেই বন্দে ভারতের একটি রেক হাওড়ায় এসেছে। ফাইল চিত্র।

হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের মহড়া-যাত্রা হবে শুক্রবার। মহড়া-যাত্রায় সময় লাগবে সাড়ে ছয় ঘণ্টা। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে। আগামী রবিবার, অর্থাৎ ৩০ এপ্রিল হাওড়া থেকে ওড়িশার ভদ্রক পর্যন্ত ওই বন্দে ভারতের আরও একটি ‘ট্রায়াল রান’ হতে পারে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয় বলেই জানানো হয়েছে রেল সূত্রে।

বুধবার রাতেই বন্দে ভারতের একটি রেক হাওড়ায় এসেছে। ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছয় ১৬ কামরার ওই রেকটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মহড়া-যাত্রায় শুক্রবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারতের ওই রেকটি। ট্রেনটি পুরী পৌঁছবে ওই দিনই দুপুর ১২টা ৩৫ মিনিটে। মাঝে ট্রেনটি ২ মিনিটের জন্য খড়্গপুরে দাঁড়াবে। ট্রেনটি পুরী থেকে হাওড়ার উদ্দেশে যাত্রা শুরু করে দুপুর ১টা ৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে রাত সাড়ে ৮টায়। রেল সূত্রে খবর, হাওড়া-পুরী রুটে খড়্গপুর ছাড়াও আরও ৬টি স্টেশনে মিনিট দুয়েকের জন্য দাঁড়ানোর কথা বন্দে ভারতের।

খড়্গপুর ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, ট্রায়াল রান সফল হলে খুব শীঘ্রই পুরোদমে ট্রেন পরিষেবা শুরু হবে। তবে বন্দে ভারতের যাত্রী পরিষেবা ঠিক কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন রাজেশ।

নানান প্রশ্ন ও বিতর্কের মধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালু হয়েছে কিছু দিন আগে। বাংলার ভাগ্যে আরও একটি বন্দে ভারতের শিকে ছেঁড়ার উজ্জ্বল সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এ বার তা-ই বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Express
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy