জলপাইগুড়ি-শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি-র দুর্নীতির মামলায় রাজ্যের আমলা গোদালা কিরণ কুমার-সহ আট জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েই চলেছে। আইএএস কর্তা গোদালার বিরুদ্ধে চার্জ গঠনের জন্য রাজ্যপাল মারফত রাজ্যের তরফে সম্মতিপত্র গত নভেম্বরেই ইডির কাছে পৌঁছে গিয়েছে। মাসখানেক আগে কলকাতায় এসে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী অফিসার এবং আইনজীবীদের নির্দেশ দেন ইডির অধিকর্তা রাহুল নবীন। কিন্তু তদন্তকারী অফিসার ও আইনজীবীদের একাংশের ঢিলেমিতে তদন্তে টালবাহানা চলছে বলে ইডির একটি সূত্রের তরফেই কথা উঠছে।
আদালত সূত্রের খবর, ২০১৭ সালে জলপাইগুড়ি-শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অন্যতম কর্তা গোদালা কিরণ কুমার ও তাঁর পরিজন-সহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি টাকা নয়ছয়ের তদন্ত শুরু করেছিল ইডি। একাধিক শ্মশানে বৈদ্যুতিক চুল্লি বসানো বাবদ রাজ্য সরকারের বরাদ্দ অর্থ সরানোর অভিযোগ ওঠে। এর পরে রাজ্য গোয়েন্দা পুলিশ (সিআইডি) এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। সিআইডির এফআইআরের ভিত্তিতে ইসিআইআর (এনফোর্সমেন্ট কেস ইনফর্মেশন রিপোর্ট) দায়ের করে তদন্ত শুরু করে ইডি। পরে গোদালা কিরণ কুমার-সহ আট জনকে অভিযুক্ত দায়ের করে বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি।
গত সেপ্টেম্বর মাসে ওই মামলায় চার্জ গঠনেরও আবেদন করা হয়েছে। কিন্তু কিরণ কুমারের বিরুদ্ধে চার্জ গঠনে রাজ্য সরকার সম্মতি দেয়নি বলে অভিযুক্তদের তরফে হাই কোর্টে মামলা দায়ের করা হয়। নভেম্বরের মধ্যে রাজ্যের তরফে রাজ্যপালের সম্মতিপত্র অবশ্য ইডি সিবিআই বিশেষ আদালতে জমা দিয়ে চার্জ গঠনের আবেদন করেছে। কিন্তু মামলা হাই কোর্টে বিচারাধীন থাকায় নিম্ন আদালতে চার্জ গঠনের নির্দেশ দেননি বিচারক।
আইনজীবীদের একাংশের কথায়, নিম্ন আদালতে জমা দেওয়া সম্মতিপত্র শুধুমাত্র একদিন ইডি-র তরফে হাই কোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলেই অভিযুক্তদের আবেদন খারিজ হয়ে যাবে। তখনই নিম্ন আদালতে চার্জ গঠন করে অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে ইডি।
আইনজীবীদের একাংশের অভিযোগ, কোনও অজ্ঞাত কারণে মাসের পর মাস পেরিয়ে গেলেও ইডির তরফে কোনও আইনজীবী হাই কোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছেন না। সেই জন্য মাসের পর মাস চার্জ গঠন পিছিয়ে যাচ্ছে। ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘‘হাই কোর্টের মামলার জন্য চার্জ গঠন দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে বলে তদন্তকারী অফিসারকে জানানো হয়েছে। তবু গড়িমসি চলছে।’’ সিবিআই বিশেষ আদালতে চার্জ গঠন নিয়ে মামলার পরের শুনানি আগামী ৮ এপ্রিল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)