চলতি মরসুমের প্রথম তাপপ্রবাহ হয়েছে আসানসোলে। মঙ্গলবার সেখানে তাপমাত্রা ছিল ৪২.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার রাজ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল পানাগড়ে— ৪৩.৮ ডিগ্রি। বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার দক্ষিণের দুই জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বেশ কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার, প্রথম দফার ভোট রয়েছে যে ১৬টি জেলায়, তার মধ্যে ছ’টিতেই গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ ভোটের লাইনে দাঁড়িয়ে বেশ বেগ পেতে হতে পারে ভোটারদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ প্রার্থীরা সে জন্য বার বারই সকালে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন।
মঙ্গলবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আসানসোল, বাঁকুড়া, পানাগড় ছাড়াও শ্রীনিকেতন, সিউড়ি, পুরুলিয়ায় দিনের তাপমাত্রা ছাড়িয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। শ্রীনিকেতনে দিনের তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে ৪২.২ ডিগ্রি, পুরুলিয়ায় ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনের তাপমাত্রা। ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে দিনের তাপমাত্রা ছিল ডায়মন্ড হারবার, দিঘা, কাঁথি, হলদিয়া, সাগরদ্বীপ, বসিরহাট। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় মঙ্গলবার দিনের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে বৃহস্পতিবার ভোট। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহের পাশাপাশি, জঙ্গলমহলেও প্রথম দফায় নির্বাচন রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদে এই দফাতেই ভোট হবে। অন্য দিকে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও এই দফায় ভোটগ্রহণ। ওই জেলাগুলিতে মঙ্গলবার বিকেল ৪টের সময় শেষ হয়েছে প্রচার। তার আগে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তেতেপুড়ে প্রচার করতে হয়েছে প্রার্থীদের।
আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার কোনও হেরফের হবে না। রাজ্যের পশ্চিমের জেলাগুলির কিছু অংশে আগামী সাত দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। প্রথম দফার ভোট রয়েছে সেখানেই। দক্ষিণবঙ্গের পূর্ব এবং উপকূলীয় জেলাগুলির কিছু অংশে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। উপকূলীয় জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮০ থেকে ৯৫ শতাংশ। রাজ্যের মধ্যভাগের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৫ থেকে ৮৫ শতাংশ। ফলে ভ্যাপসা গরম ভোগাবে বঙ্গবাসীকে।
বুধবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার, ভোটের দিন ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম এবং অস্বস্তির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই সব ক’টি জেলাতেই সে দিন ভোট রয়েছে। ওই দিন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। তার জন্য গরম বা অস্বস্তিও কমবে না।
আরও পড়ুন:
শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরমের জন্য রয়েছে সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে আবার ঝড়বৃষ্টির জন্যও রয়েছে সতর্কতা। সেখানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে শনিবারও রয়েছে গরমের সতর্কতা। পুরুলিয়া, নদিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবি এবং সোমবার দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সেগুলিতে রয়েছে সতর্কতা। তবে গরম থাকবে দক্ষিণের সব জেলায়।
প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের সব জেলায়। সেখানে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে হালকা বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে রয়েছে সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহারেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার, ভোটের দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। ওই পাঁচ জেলায় রয়েছে সতর্কতা রয়েছে শনিবার পর্যন্ত। রবিবার আবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আগামী সোমবারও উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস।