ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই পাচ্ছে না দক্ষিণবঙ্গ। আগামী দু’দিন দিনের তাপমাত্রারও খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। তবে উপকূলীয় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোথাও স্বাভাবিক, কোথাও আবার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে আগামী দু’দিন। এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। তা ছাড়া বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। যার জেরে উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার দক্ষিণের আট জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। বুধবারে পাঁচটি এবং বৃহস্পতিবার ন’টি জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে আগামী ২ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে কোথাও কোথাও আবার ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। প্রসঙ্গত, মৌসম ভবনও জানিয়েছে, আগামী ২৮ মে বর্ষা ঢুকছে কেরলে। এ ছাড়াও জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড এবং পশ্চিম হিমালয় অঞ্চলে একটা পশ্চিমি ঝঞ্ঝা অবস্থা করছে। তার জেরে আগামী দু’তিন দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতির বদল ঘটতে পারে। গরমের দাপট থেকে স্বস্তি মিলতে পারে। মৌসম ভবন জানিয়েছে, পূর্বের কয়েকটি রাজ্যেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই আগামী দু’-তিন দিনের মধ্যে তাপমাত্রা কিছুটা নামতে পারে।